ATN
শিরোনাম
  •  

মৃত্যুঞ্জয়ী নজরুল: ৫০তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ ও শ্রদ্ধা

         
মৃত্যুঞ্জয়ী নজরুল: ৫০তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ ও শ্রদ্ধা

‘মৃত্যুঞ্জয়ী নজরুল’—অমর সৃষ্টির আলোয় কবিকে স্মরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, দোয়া ও হামদ-নাতের আয়োজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুল কেবল একটি নাম নন; তিনি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও সাম্যের প্রতীক।

বিকেল চারটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটের অডিটোরিয়ামে ‘মৃত্যুঞ্জয়ী-নজরুল’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক কবি ও কথাসাহিত্যিক মো. লতিফুল ইসলাম শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-পৌত্রী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী।

আলোচনায় অংশ নেন নজরুল-গবেষক ও ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. জেহাদ উদ্দিন এবং নজরুল-গবেষক, আবৃত্তি প্রশিক্ষক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিম আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নজরুল ইন্সটিটিউটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবর্ণা শিরিন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জাতীয় কবির সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। সমাজে বৈষম্য, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর উচ্চারণ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। তাঁরা নজরুল চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক সাবিনা ইয়াসমিন সীমা এবং কবির জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়ার বাসিন্দা ফাইকা সিদ্দিকী।

পরে নজরুল ইন্সটিটিউটের প্রশিক্ষণার্থী শিল্পীরা দলীয়ভাবে হামদ-নাত পরিবেশন করেন। এ সময় জাতীয় কবির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এম আলমগীর।

আলোচনা, আবৃত্তি, সংগীত ও প্রার্থনার মধ্য দিয়ে জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথি, গবেষক, শিল্পী ও সংস্কৃতি কর্মীরা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ