ATN
শিরোনাম
  •  

৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব

         
৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব

৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের বিশেষ দায়িত্ব দিয়েছে সরকার। পাশাপাশি এসব জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তদারকি ও সমন্বয়ের দায়িত্বও পালন করবেন তারা।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গঠিত সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৬৪ জেলার দায়িত্ব ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত সরকারের সময়ে বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দের নামে ব্যাপক দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। লুটপাটের অর্থের একটি অংশ বিদেশে পাচার এবং অপর অংশ মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডে ব্যবহারের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সরকারের অন্যতম অগ্রাধিকার হলো টেকসই উন্নয়ন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এ লক্ষ্যেই জেলার সার্বিক সরকারি কার্যক্রমে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের সম্পৃক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ রাজশাহী ও নাটোর, আবু জাফর মো. জাহিদ হোসেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় এবং আবদুল আউয়াল মিন্টু লক্ষ্মীপুর জেলার দায়িত্ব পেয়েছেন। নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা এবং খন্দকার আবদুল মুক্তাদির হবিগঞ্জের দায়িত্ব পালন করবেন।

আরিফুল হক চৌধুরীকে মৌলভীবাজার, মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে চট্টগ্রাম, এম রশিদুজ্জামান মিল্লাতকে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা এবং আসাদুল হাবিব দুলুকে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। মো. আসাদুজ্জামান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া জাকারিয়া তাহের ফেনী ও নোয়াখালী, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, সাচিং প্রু কক্সবাজার এবং মো. শরীফুল আলম টাঙ্গাইল ও নরসিংদীর দায়িত্ব পেয়েছেন।

শামা ওবায়েদ ইসলাম মাদারীপুর ও শরীয়তপুর, অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ, আব্দুল বারী বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ এবং সুলতান সালাউদ্দিনকে ঢাকা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির দায়িত্ব পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। হাবিবুর রশিদ গাজীপুর ও নারায়ণগঞ্জ, মো. রাজীব আহসান বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর এবং মীর শাহে আলম রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের দায়িত্ব পালন করবেন।

ফারজানা শারমিন সিরাজগঞ্জ ও পাবনা, শেখ ফরিদুল ইসলাম যশোর, মাগুরা ও নড়াইল, ইমরান খান চৌধুরী জামালপুর ও কিশোরগঞ্জ এবং আহমেদ সোহেল মঞ্জুর বরিশাল, ভোলা ও ঝালকাঠির দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া মোহাম্মদ শামীম কায়সার জয়পুরহাট ও নওগাঁ, মো. জি কে গউছ সিলেট ও সুনামগঞ্জ, মিয়া নূরুদ্দিন আহমেদ রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার দায়িত্ব পেয়েছেন। যে দায়িত্ব পালন করবেন তারা

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুতর অপরাধ দমন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

এ ছাড়া সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও পরামর্শ দেওয়ার দায়িত্বও তাদের ওপর থাকবে।

প্রয়োজনে দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার বিভিন্ন জেলা পর্যায়ের সভায় অংশ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ ও রুলস অব বিজনেসের বিধান অনুসরণ করেই এ দায়িত্ব বণ্টন করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা অক্ষুণ্ন রেখেই দায়িত্বগুলো পালন করা হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ