ATN
শিরোনাম
  •  

২৭ বছর পর ৯/১১ মামলার বিচার শুরু ২০২৮ সালে

         
২৭ বছর পর ৯/১১ মামলার বিচার শুরু ২০২৮ সালে

২৭ বছর পর ৯/১১ মামলার বিচার শুরু ২০২৮ সালে

যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলা ৯/১১-এর প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত খালিদ শেখ মোহাম্মদের বিচার শুরুর নতুন তারিখ নির্ধারণ করেছে দেশটির একটি সামরিক আদালত। আগামী ২০২৮ সালের ৫ জুন থেকে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বুধবার দেওয়া এক লিখিত আদেশে সামরিক আদালতের বিচারক লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এ. স্ক্রামা এ তথ্য জানান। আদালত এর আগে ২০২৭ সালের ১ জানুয়ারি বিচার শুরুর পরিকল্পনা করেছিল। তবে কোন কোন সাক্ষ্য ও প্রমাণ বিচারে উপস্থাপন করা যাবে, তা নিয়ে মতবিরোধসহ বিভিন্ন প্রাক-বিচার বিষয় নিষ্পত্তিতে আরও সময় প্রয়োজন হওয়ায় সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই দিন ১৯ জন আল-কায়েদা সদস্য চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায়। হামলায় ছিনতাইকারীসহ মোট ২ হাজার ৯৭৭ জন নিহত হন।

মামলার অভিযোগ অনুযায়ী, বিমান ছিনতাই এবং টুইন টাওয়ার ও পেন্টাগনে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা ছিল খালিদ শেখ মোহাম্মদের। তার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন ওয়ালিদ বিন আত্তাশ, আলী আবদুল আজিজ আলী ও মুস্তফা আল-হাওসাউই। এই তিন আসামির বিরুদ্ধেও পৃথক সামরিক আদালতে বিচার চলছে।

তবে ২০২৮ সালের নির্ধারিত তারিখে সত্যিই বিচার শুরু হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এর আগেও খালিদ শেখ মোহাম্মদের বিচার শুরুর তারিখ একাধিকবার নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বিভিন্ন আইনি জটিলতায় তা পিছিয়ে যায়।

বর্তমানে খালিদ শেখ মোহাম্মদ ও তার তিন সহযোগীকে কিউবার গুয়ান্তানামো বে-তে অবস্থিত মার্কিন সামরিক বন্দিশালায় রাখা হয়েছে।

সূত্র: এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ