ATN
শিরোনাম
  •  

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকারে সাময়িক স্থগিতাদেশ

         
বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকারে সাময়িক স্থগিতাদেশ

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকারে সাময়িক স্থগিতাদেশ

বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কূটনীতিক ও ভিসা কর্মকর্তাদের নতুন প্রশিক্ষণ দেওয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দূতাবাস ও কনস্যুলেটগুলোতে দায়িত্ব পালনকারী কূটনীতিক এবং ভিসা প্রদানকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তবে এই প্রশিক্ষণ কতদিন চলবে এবং কবে থেকে নিয়মিত ভিসা সাক্ষাৎকার পুনরায় শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য হলো এমন আবেদনকারীদের শনাক্ত করা, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। এ ধরনের আবেদনকারীদের ভিসা না দেওয়ার বিষয়ে কর্মকর্তাদের আরও কঠোরভাবে যাচাই-বাছাইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে।

ভিসা সাক্ষাৎকার স্থগিতের বিষয়টি প্রথমে প্রকাশ করে ফিন্যান্সিয়াল টাইমস। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বেশ কিছু আবেদনকারী মার্কিন দূতাবাস ও কনস্যুলেট থেকে ই-মেইল পেয়েছেন। সেখানে তাদের নির্ধারিত সাক্ষাৎকার পরবর্তী সময়ে নতুন তারিখে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেওয়ার ধারাবাহিকতায় সর্বশেষ এই পদক্ষেপ সামনে এলো। তাঁর প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসন কমানো এবং ভিসা ও অভিবাসন প্রক্রিয়ায় আরও কঠোর যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দিচ্ছে।

এদিকে ভিসা নীতি কঠোর করার বিভিন্ন পদক্ষেপে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ অভিবাসী এবং নতুন করে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিশ্বব্যাপী ভিসা সাক্ষাৎকার স্থগিতের বর্তমান সিদ্ধান্তটি কতদিন কার্যকর থাকবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ