ATN
শিরোনাম
  •  

রাতারাতি আইনশৃঙ্খলায় বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

         
রাতারাতি আইনশৃঙ্খলায় বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতারাতি আইনশৃঙ্খলায় বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সংঘটিত এমন কোনো অপরাধ নেই, যার ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে বা আইনের আওতায় আনতে পারেনি।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর মনোবল নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে, তার পাশাপাশি জনগণের আকাশসম প্রত্যাশাকেও বিবেচনায় নিতে হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে কাজ করার মানসিকতা তৈরির কাজ চলছে।

সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সংঘটিত প্রতিটি অপরাধের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

রংপুরের একটি আলোচিত ঘটনার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাটি সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। রামিসা হত্যা থেকে শুরু করে জাতীয়ভাবে আলোচিত ও অনালোচিত বিভিন্ন অপরাধের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, পুলিশের মনোবল আগের তুলনায় অনেকটাই ফিরে এসেছে। তাদের আরও দক্ষ ও শক্তিশালী করে তোলার পাশাপাশি জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনগত কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। এসব বাহিনীর জবাবদিহিতা ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতি হিসেবে সদস্যদের পুরস্কার, সনদ ও পদক দেওয়ার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

তিনি বলেন, রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী ও বিএনপির নেতা তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমন পর্যায়ে নেওয়া হবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সত্যিকার অর্থে জনবান্ধব বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। ইনশাআল্লাহ সরকার জনগণের পাশে থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ