ATN
শিরোনাম
  •  

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের গ্রুমিং টিমে নওশিন সুধা ও বুশরা কবির

         
মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের গ্রুমিং টিমে নওশিন সুধা ও বুশরা কবির

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের গ্রুমিং টিমে নওশিন সুধা ও বুশরা কবির

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন জনপ্রিয় মডেল নওশিন সুধা ও ব্র্যান্ড প্রোমোটার বুশরা কবির। প্রতিযোগীদের আন্তর্জাতিক মঞ্চের উপযোগী করে গড়ে তুলতে স্টাইল, ফ্যাশন, ডিজিটাল উপস্থিতি ও ব্যক্তিগত ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন তারা।

নওশিন সুধা স্টাইল আইকন হিসেবে প্রতিযোগীদের ব্যক্তিত্ব, স্টাইল, ফ্যাশন সেন্স এবং সামগ্রিক প্রেজেন্টেশন নিয়ে কাজ করবেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও গ্রুমার বুশরা কবির দায়িত্ব পালন করবেন ডিজিটাল প্রেজেন্স, ব্র্যান্ড প্রমোশন, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, কনটেন্ট প্রেজেন্টেশন ও অনলাইন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে।

আয়োজকদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হলে সৌন্দর্যের পাশাপাশি আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা এবং আধুনিক প্রেজেন্টেশন গুরুত্বপূর্ণ। এসব বিষয়কে সামনে রেখেই প্রতিযোগীদের প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ দেশের তরুণীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা, সৌন্দর্য, ব্যক্তিত্ব ও সামাজিক সচেতনতা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। নির্বাচিত প্রতিনিধি আন্তর্জাতিক মিস ইন্টারকন্টিনেন্টাল মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার সুযোগ পাবেন।

এই আয়োজনের ন্যাশনাল অর্গানাইজার ও রাইটস হোল্ডার ইমেকার্স বাংলাদেশ। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিল্পী ও বড় পরিসরের বিনোদন আয়োজনের সঙ্গে যুক্ত। এবার সৌন্দর্য, ফ্যাশন, মিডিয়া ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে একত্র করে নতুন ধরনের আয়োজনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

ইমেকার্স বাংলাদেশের কর্পোরেট ডিরেক্টর নূর সিবা বলেন, “মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশকে আমরা শুধু একটি বিউটি পেজেন্ট হিসেবে দেখছি না। আমরা চাই, আমাদের প্রতিযোগীরা যেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের একজন আত্মবিশ্বাসী, স্মার্ট ও আধুনিক প্রতিনিধি হিসেবে নিজেদের তুলে ধরতে পারে। সেই লক্ষ্যেই আমরা প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ মানুষদের যুক্ত করছি।”

তিনি আরও বলেন, “নওশিন সুধার স্টাইল ও ফ্যাশন সম্পর্কে অভিজ্ঞতা এবং বুশরা কবিরের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনের দক্ষতা প্রতিযোগীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হবে। তাদের গ্রুমিংয়ের মাধ্যমে প্রতিযোগীদের ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক প্রেজেন্টেশন আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি।”

গত ২৫ আগস্ট ঢাকার রেনেসাঁ ঢাকা হোটেলে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ইমেকার্স বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কর্পোরেট ডিরেক্টর নূর সিবা। এর মধ্য দিয়ে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে নওশিন সুধা ও বুশরা কবিরের আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়।

আয়োজকরা জানিয়েছেন, খুব শিগগিরই জমকালো ক্রাউন রিভিল নাইটের আয়োজন করা হবে। এর মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। দেশের বিভিন্ন প্রান্তের আগ্রহী ও যোগ্য তরুণীরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ইতোমধ্যে প্রতিযোগিতাকে ঘিরে বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। সামনে গ্রুমিং, ফ্যাশন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক প্রস্তুতির মাধ্যমে প্রতিযোগীদের একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, নওশিন সুধা ও বুশরা কবিরের অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও আত্মবিশ্বাসী ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা সম্ভব হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ