ATN
শিরোনাম
  •  

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

         
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলারে, যা ৩৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের সমান।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার বা ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার।

এর আগে ২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।

অর্থাৎ, মাত্র চার দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ১১৮ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। অন্যদিকে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ বেড়েছে ৮৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে দেশের নিট রিজার্ভ হিসাব করা হয়। মোট বা গ্রস রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়ার পর যে পরিমাণ পাওয়া যায়, সেটিই নিট বা প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচিত হয়।

রিজার্ভ বৃদ্ধির এ প্রবণতা দেশের বৈদেশিক লেনদেনের সক্ষমতা ও আমদানি ব্যয় মেটানোর ক্ষেত্রে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ