ATN
শিরোনাম
  •  

বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

         
বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বাস শ্রমিকদের মারধর এবং মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবিতে বরিশালে ফের বাস ধর্মঘট ও সড়ক অবরোধ শুরু করেছেন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা। মঙ্গলবার দুপুর থেকে বরিশাল-ঢাকা মহাসড়কসহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে বরিশালের রহমতপুর এলাকায় একটি অভ্যন্তরীণ রুটের বাসের চালক ও হেলপারকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট চলবে। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

বাস শ্রমিকদের দাবি, সোমবার বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে প্রায় তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পরে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়। তবে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রহমতপুর এলাকায় আবারও মাহিন্দ্রা শ্রমিকরা একটি বাসের চালক ও হেলপারকে মারধর করেন। এতে হাসানসহ চারজন আহত হয়েছেন বলে দাবি করেন বাস শ্রমিকরা।

আহত হাসানকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

এদিকে বাস শ্রমিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবি জানিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

বাস মালিক গ্রুপের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন স্থানে বাস চলাচলে বাধা দেওয়া হলেও শ্রমিকদের মারধরের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত কার্যকর সমঝোতার উদ্যোগ দেখা যায়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাস ধর্মঘট ও সড়ক অবরোধের কারণে বরিশাল থেকে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। টার্মিনাল ও বিভিন্ন সড়কে অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। দ্রুত দুই পক্ষের বিরোধের সমাধান করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

এর আগে সোমবার (২৪ আগস্ট) বরিশালের বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের বিরোধের জেরে প্রায় তিন ঘণ্টা বাসসহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ