ATN
শিরোনাম
  •  

কৃতির পোশাক নিয়ে বিতর্ক, সংস্কৃতি নিয়ে অভিনেত্রীর কড়া বার্তা

         
কৃতির পোশাক নিয়ে বিতর্ক, সংস্কৃতি নিয়ে অভিনেত্রীর কড়া বার্তা

কৃতির পোশাক নিয়ে বিতর্ক, সংস্কৃতি নিয়ে অভিনেত্রীর কড়া বার্তা

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব রাখী বন্ধন। উৎসবকে সামনে রেখে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বিজ্ঞাপনটি প্রকাশের পরই তার পোশাক নিয়ে শুরু হয় সমালোচনা ও বিতর্ক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের পাশাপাশি শোবিজ অঙ্গনেরও অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিজ্ঞাপনচিত্রে কৃতিকে ভাইয়ের হাতে রাখী পরাতে দেখা যায়। এ সময় তার পরনে থাকা বিশেষ ধরনের পোশাক নিয়েই মূলত আপত্তি জানিয়েছেন সমালোচকরা। কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে অনলাইনে আলোচনা চলার পর অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কৃতি।

ইনস্টাগ্রামে দেওয়া এক লিখিত বার্তায় অভিনেত্রী বলেন, উৎসবের সৌন্দর্য কোনো নির্দিষ্ট পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ঐতিহ্যের প্রতি মানুষের আবেগ ও উৎসবের তাৎপর্য উপলব্ধির মধ্যেই এর প্রকৃত অর্থ নিহিত।

কৃতি বলেন, রাখী বন্ধন মূলত ভালোবাসা ও সুরক্ষার বন্ধন। তিনি ও তার বোন একে অপরের হাতে রাখী বাঁধেন। তার ভাষায়, একজন ভাই যেমন তার বোনকে রক্ষা করতে পারেন, তেমনি বোনেরাও একে অপরের পাশে দাঁড়িয়ে সমানভাবে সুরক্ষা দিতে পারেন।

পোশাক নিয়ে চলমান সমালোচনার প্রসঙ্গে কৃতি প্রশ্ন তোলেন, ‘নারী কী পোশাক পরবে, সেটা নিয়ে কথা বলা বন্ধ করবেন কবে?’

তিনি আরও বলেন, বছরের পর বছর এথনিক ফ্যাশনের ধরন বদলেছে। তারপরও একজন নারীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মানকে কেন শুধু তার পোশাক দিয়ে বিচার করা হবে—এ প্রশ্ন থেকেই যায়। কৃতির মতে, সংস্কৃতি ও ঐতিহ্য মানুষের হৃদয়ে ধারণ করা বিষয়; পোশাকের নেকলাইন বা নকশার মধ্যে এর মূল্য নির্ধারণ করা যায় না।

এদিকে বিজ্ঞাপনচিত্রে একটি কুকুরকে রাখী বাঁধার দৃশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে কৃতির বক্তব্য, পরিবারের পোষা কুকুরও পরিবারেরই একজন সদস্য। তাই তাকে রাখী পরানোর মধ্যে অসম্মান বা অবমাননার কোনো বিষয় দেখছেন না তিনি।

কৃতির বক্তব্যের পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। একদিকে বিজ্ঞাপনের পোশাক ও উপস্থাপনা নিয়ে সমালোচনা, অন্যদিকে নারীর পোশাককে কেন্দ্র করে বারবার বিতর্কের বিষয়টি সামনে এনে কৃতির অবস্থান—দুই দিকেই চলছে আলোচনা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ