ATN
শিরোনাম
  •  

১ সেপ্টেম্বর থেকে টাকা উত্তোলনে নতুন সুবিধা, মুনাফায় থাকছে না কোনো কর্তন

         
১ সেপ্টেম্বর থেকে টাকা উত্তোলনে নতুন সুবিধা, মুনাফায় থাকছে না কোনো কর্তন

১ সেপ্টেম্বর থেকে টাকা উত্তোলনে নতুন সুবিধা, মুনাফায় থাকছে না কোনো কর্তন

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবেন ব্যাংকটির ব্যক্তি গ্রাহকরা। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না বলেও গ্রাহকদের স্পষ্টভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ২০২৫ ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে ১ সেপ্টেম্বর থেকে নতুন এই সুবিধা চালু করা হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল টাকা চলমান স্কিমে নির্ধারিত বিধিনিষেধের বাইরে থেকেও প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। এ সুবিধা চালুর জন্য ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মুনাফায় থাকবে না ‘হেয়ারকাট’

আমানতের মুনাফা নিয়ে গ্রাহকদের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করতেও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোনো আমানতকারীর মুনাফায় ‘হেয়ারকাট’ বা কোনো ধরনের কর্তন করা হবে না।

এর আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রীও আমানতকারীদের মুনাফার ওপর কোনো কর্তন করা হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। এরপরও বিষয়টি নিয়ে গ্রাহকদের একাংশের মধ্যে অস্পষ্টতা থাকায় ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি সব গ্রাহকের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে বলা হয়েছে।

প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চালুর তাগিদও দেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ