ATN
শিরোনাম
  •  

সালমান শাহ হত্যা মামলা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

         
সালমান শাহ হত্যা মামলা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

সালমান শাহ হত্যা মামলা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান গত ২০ আগস্ট এ আবেদন করেন।

সোমবার (২৪ আগস্ট) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিন ধার্য করেছেন।

রিমান্ড আবেদনে সিআইডি তিনটি কারণ উল্লেখ করেছে। তদন্ত সংস্থার দাবি, সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ডনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মামলায় জড়িত অন্য সহযোগীদের বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করাও সম্ভব হতে পারে বলে মনে করছে তদন্ত সংস্থা।

এ ছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকার পরও ডন কী কারণে, কার ইন্ধনে এবং কীভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন—এ বিষয়েও তার কাছ থেকে তথ্য নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। একই দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ১২ আগস্ট তার জামিন আবেদন নাকচ করেন আদালত।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। ওই ঘটনায় প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেন। পরে ছেলের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার আবেদন করা হয়।

১৯৯৭ সালে সিআইডি তদন্ত শেষে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। তবে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার পরিবার দীর্ঘদিন ধরে পুনঃতদন্ত ও হত্যার অভিযোগের তদন্তের দাবি জানিয়ে আসছিল।

পরবর্তীতে আদালতের আদেশের পর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর মামলা করেন। এতে সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, আশরাফুল হক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

এদিকে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে নতুন করে সুরতহাল ও ময়নাতদন্তের অনুমতিও দেওয়া হয়েছে। এ নিয়ে বাদীপক্ষের পক্ষ থেকে আপত্তি জানিয়ে আদালতে আবেদন করা হয়।

মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে। এর আগে ডনের রিমান্ড আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ