ATN
শিরোনাম
  •  

২ অক্টোবরেই আসছে অজয় দেবগণের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’

         
২ অক্টোবরেই আসছে অজয় দেবগণের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’

২ অক্টোবরেই আসছে অজয় দেবগণের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’

‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির গল্পে ২ অক্টোবর তারিখটি বরাবরই গুরুত্বপূর্ণ। এবার সেই একই তারিখে বড় পর্দায় ফিরছে অজয় দেবগণের জনপ্রিয় চরিত্র বিজয় সালগাওকার। ‘দৃশ্যম ৩’-এর মুক্তির তারিখ হিসেবে আগামী ২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) প্রকাশ করা হয়েছে সিনেমাটির নতুন পোস্টার ও নাম—‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। পোস্টারে দেখা গেছে শুধু অজয় দেবগণের একটি চোখ। রহস্যে মোড়া সেই চোখ যেন ইঙ্গিত দিচ্ছে নতুন কিস্তির আরও জটিল ও চমকপ্রদ গল্পের।

পোস্টার প্রকাশ করে অজয় লিখেছেন, “প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হয়। আর আমার কাছে আমার পরিবারই সবকিছু।” পোস্টারেও রয়েছে, “আমার কাছে সত্য, সঠিক কেবলই আমার পরিবার।” ফলে ধারণা করা হচ্ছে, আগের দুই সিনেমার মতো এবারও পরিবারের সুরক্ষাই বিজয় সালগাওকারের প্রধান লক্ষ্য হয়ে উঠবে।

এর আগে প্রকাশিত টিজারেও বিজয়ের মানসিক অবস্থার কিছুটা আভাস পাওয়া যায়। সেখানে তাকে নিজের সম্পর্কে মানুষের দেওয়া নানা পরিচয় ও মন্তব্যের কথা বলতে শোনা যায়। তবে সবকিছুর ঊর্ধ্বে তার কাছে যে পরিবার—সেটিই আবারও স্পষ্ট হয়েছে।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এ অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, কমলেশ সাওয়ান্ত, জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজসহ আরও অনেকে।

মালয়ালম সিনেমার হিন্দি রিমেক হিসেবে শুরু হওয়া ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই কিস্তি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এবার তৃতীয় কিস্তিতে বিজয় সালগাওকারের গল্পের সমাপ্তি কীভাবে হয়, তা জানতে অপেক্ষায় দর্শকরা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ