ATN
শিরোনাম
  •  

অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র বাংলাদেশের বড় অর্জন: হাবিবুল বাশার

         
অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র বাংলাদেশের বড় অর্জন: হাবিবুল বাশার

অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র বাংলাদেশের বড় অর্জন: হাবিবুল বাশার

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ে সিরিজ শুরু করলেও ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হয়নি টাইগারদের। তবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করাকেই বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সিরিজ জয়ের সুযোগ তৈরি করেও তা হাতছাড়া হওয়ায় আক্ষেপ রয়েছে বাশারের। তবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ১-১ সমতায় সিরিজ শেষ করাকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন।

বাশার বলেন, ‘প্রত্যাশা তো আসলেই বেশি ছিল। একটা সুযোগ তৈরি করেছিলাম সিরিজ জেতার। কিন্তু অস্ট্রেলিয়া টেস্টের এক নম্বর দল। আমরা জানতাম তারা তাদের সর্বশক্তি দিয়ে এই ম্যাচ খেলবে। বাস্তবিক অর্থে ২-০ ব্যবধানে তাদের হারানোটা একটু বেশি হয়ে যায়। তবে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম।’

দ্বিতীয় টেস্টে টসও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন প্রধান নির্বাচক। তার মতে, আগে ব্যাটিং করার কারণে কন্ডিশনের সুবিধা পেয়েছে অস্ট্রেলিয়া।

তিনি বলেন, ‘আমরা সুযোগ তৈরি করেছিলাম। আমার মনে হয়েছে টসটা একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। টসের ওপর তো কারও হাত নেই। অস্ট্রেলিয়ানদেরও কিন্তু ব্যাটিং করতে কষ্ট হয়েছে। আমরা যদি আগে বোলিং করতাম, তাহলে হয়তো গল্পটা ভিন্ন হতে পারত।’

ম্যাকাইয়ের উইকেট দুই দলের জন্যই চ্যালেঞ্জিং ছিল উল্লেখ করে বাশার বলেন, ‘আমরা যেমন অনেক সময় স্পিনিং ট্র্যাক বানাই, ওরাও তেমন ফাস্ট ট্র্যাক বানিয়েছে। টসের ভাগ্যটা ওদের পক্ষে গেছে, যেটা ওদের সাহায্য করেছে। তবে আমরা আরও ভালো ব্যাটিং করতে পারতাম। এ ধরনের কন্ডিশনে আমরা ব্যাটিং করে অতটা অভ্যস্ত নই। এমনকি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরও এখানে ব্যাটিং করতে কষ্ট হয়েছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করাকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অগ্রগতির বড় প্রমাণ হিসেবেও দেখছেন বাশার। তিনি বলেন, ‘সব মিলিয়ে আরও একটু ভালো হতে পারত। কিন্তু অস্ট্রেলিয়া এসে সিরিজ ড্র করে যাওয়াটা অনেক বড় অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য।’

বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ষষ্ঠ স্থানে থাকাকেও বড় সাফল্য হিসেবে দেখছেন সাবেক এই অধিনায়ক। তবে দলকে এখনই পরিপূর্ণ টেস্ট দল হিসেবে বিবেচনা করতে রাজি নন তিনি।

বাশারের ভাষায়, ‘অবশ্যই বিশাল অর্জন। সবাই এই অর্জনকে অনেক উপরের দিকে দেখছে। তবে টেস্ট দল হিসেবে এখনই বলব না যে আমরা খুব ভালো দল হয়ে গিয়েছি। আমাদের আরও অনেক দূর যেতে হবে। কিন্তু আমরা নিজেদের একটা স্টেটমেন্ট দিতে পেরেছি।’

বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সেও উন্নতির ছাপ দেখছেন বাশার। পাকিস্তানের বিপক্ষে সাফল্যসহ সাম্প্রতিক ম্যাচগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশ এখন নিয়মিত টেস্ট জিতছে।

তার মতে, ‘২০০০ সাল থেকে এখন পর্যন্ত পরিসংখ্যান দেখলে এবং বিশেষ করে গত দুই বছরের পারফরম্যান্স দেখলে বলতে হবে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অনেক দূর এগিয়েছে। আমরা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো অবস্থানে আছি। সামনে আমাদের পাঁচটি টেস্ট ম্যাচ রয়েছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখা যাক সেখানে কী হয়।’

অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের লক্ষ্য ছিল সম্মান নিয়ে দেশে ফেরা। সিরিজ শেষে সেই লক্ষ্য পূরণ হয়েছে বলেই মনে করেন বাশার।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ যেটা নিয়ে যাচ্ছে, আমরা আসার আগে বলেছিলাম দেশে ফেরার সময় একটা সম্মান নিয়ে ফিরতে চাই। আমার মনে হয়, আমরা সেই সম্মান নিয়েই দেশে ফিরতে পারছি।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ