ATN
শিরোনাম
  •  

সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের উন্মাদনার গল্প, আসছে ‘লাভ ৯৬’

         
সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের উন্মাদনার গল্প, আসছে ‘লাভ ৯৬’

সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের উন্মাদনার গল্প, আসছে ‘লাভ ৯৬’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকে তৈরি হওয়া আবেগ, উন্মাদনা ও ভক্তদের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটি আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। এর ঠিক দুই দিন আগে সিনেমাটি প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা করেছেন নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো ধরনের কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’। নির্মাতা সূত্রের দাবি, সিনেমাটির নির্মাণশৈলী এবং নব্বইয়ের দশকের সময়কে পর্দায় তুলে ধরার ধরন সার্টিফিকেশন বোর্ডের সদস্যদেরও প্রশংসা পেয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক ইভান মল্লিক বলেন, সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পাওয়ায় সিনেমাটিতে বিতর্কিত কোনো বিষয় নেই। বরং সালমান শাহকে ঘিরে দর্শক-ভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের স্মৃতিময় সময়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

‘লাভ ৯৬’-এর গল্পের পটভূমিতে রয়েছে সেই সময়ের নস্টালজিয়া। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড সংগ্রহ কিংবা ক্যাসেট প্লেয়ার ও রেডিওতে গান শোনার মতো স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে সালমান শাহকে ঘিরে এক প্রজন্মের আবেগ।

নব্বইয়ের দশকে ঢালিউডে সালমান শাহর আগমন দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল। ১৯৯৬ সালে তার আকস্মিক মৃত্যুর পর সেই উন্মাদনা রূপ নেয় গভীর শোকে। প্রিয় নায়কের মৃত্যু মেনে নিতে না পেরে অনেক ভক্ত চরম আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সেই সময়ের আবেগঘন বাস্তবতাকে কেন্দ্র করেই ‘লাভ ৯৬’-এর গল্প এগিয়েছে।

সিনেমাটির মূল কাহিনি একজন অন্ধ সালমান শাহভক্তের জীবন ও আবেগকে ঘিরে। তার চোখে প্রিয় নায়ককে ঘিরে তৈরি হওয়া ভালোবাসা, উন্মাদনা এবং হারানোর বেদনার মধ্য দিয়ে নব্বইয়ের দশকের একটি সময়কে তুলে ধরা হয়েছে।

রাইসা ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মো. জসিম উদ্দিন। ‘লাভ ৯৬’-এর মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।

সালমান শাহকে ঘিরে এক প্রজন্মের আবেগ ও নব্বইয়ের দশকের হারিয়ে যাওয়া দিনগুলোকে বড় পর্দায় ফিরিয়ে আনার লক্ষ্যেই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ