ATN
শিরোনাম
  •  

পাঁচ বছরের লড়াইয়ে ফের ক্যানসার, কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া আফরিন

         
পাঁচ বছরের লড়াইয়ে ফের ক্যানসার, কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া আফরিন

পাঁচ বছরের লড়াইয়ে ফের ক্যানসার, কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া আফরিন

দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে চলেছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এই দীর্ঘ লড়াইয়ের মধ্যেই ফের কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন তিনি। প্রায় তিন মাস আগে দ্বিতীয়বারের মতো তার শরীরে ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তিনি আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে।

রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক অবস্থা, চিকিৎসা এবং মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন সামিয়া।

সামিয়া জানান, তিন মাস আগে পরীক্ষার পর তার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হলে দ্রুত অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। বর্তমানে চিকিৎসার অংশ হিসেবে তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে।

নিজের চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরে সামিয়া বলেন, পাঁচ বছর ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। প্রথমবার তাকে কেমোথেরাপি নিতে হয়নি; ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। তবে এবারের চিকিৎসা তার জন্য সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা বলে জানান তিনি।

কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে চুল পড়ে যেতে পারে—চিকিৎসকদের এমন সতর্কতার পরও বিষয়টি নিয়ে ভেঙে পড়তে চাননি সামিয়া। বরং পরিস্থিতিকে স্বাভাবিকভাবে গ্রহণ করার মানসিক প্রস্তুতি নিয়েছেন তিনি। চুল পড়ে যাওয়ার আগেই নিজের নতুন হেয়ারকাট করিয়ে নতুন লুকটি উপভোগ করেছেন।

সামিয়া লিখেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে জানার পর বিষয়টি নিয়ে মন খারাপ না করে তা স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, সবকিছু নিয়ে মন খারাপ করে লাভ নেই; সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাই গুরুত্বপূর্ণ।

নিজের নতুন লুকের কথা জানিয়ে তিনি বলেন, কিছুদিন পর হয়তো চুল পড়ে যাবে—এটা জেনেই আগেভাগে নতুন হেয়ারকাট করেছেন। নতুন এই লুক উদযাপনের মাধ্যমে নিজেকেই কিছুটা অনুপ্রেরণা দিতে চেয়েছেন তিনি।

ক্যানসারের এই কঠিন যাত্রার কথা উল্লেখ করে সামিয়া বলেন, যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, তারাই এই লড়াইয়ের কঠিনতা বুঝতে পারবেন। একইসঙ্গে তিনি চান না তার কাছের কোনো মানুষকে কখনো এমন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হোক।

এ সময় সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন সামিয়া। তিনি আশা প্রকাশ করেছেন, আল্লাহ তার চিকিৎসার পথ সহজ করবেন এবং আগেরবারের মতো এবারও নিজের শক্তি ধরে রেখে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া আফরিন। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তুলে তাদের পাশে দাঁড়ানোর কাজও শুরু করেন সামিয়া।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ