ATN
শিরোনাম
  •  

রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান

         
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান

রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান

রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. হাফিজুর রহমান, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামসুল হক এবং কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এ ছাড়া সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

আইএসপিআর জানায়, দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরির পাশাপাশি স্থানীয়ভাবে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে আইএসপিআর।

এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরের (এমসিএসএফ) শুভ উদ্বোধন করেন।

আইএসপিআর সূত্রে জানা গেছে, জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)-এর আদলে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর প্রতিষ্ঠা করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ