ATN
শিরোনাম
  •  

গায়ে হলুদের আনন্দ শেষে সড়কে ঝরল বরের প্রাণ

         
গায়ে হলুদের আনন্দ শেষে সড়কে ঝরল বরের প্রাণ

গায়ে হলুদের আনন্দ শেষে সড়কে ঝরল বরের প্রাণ

লক্ষ্মীপুরে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাহিন নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বকুলতলা এলাকায় বেড়ির মাথা-মোল্লারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার সঙ্গে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মিফতাহ নামে এক কিশোরীর বিয়ে হয়েছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুজনের বয়স ১৪-১৫ বছর হওয়ায় আনুষ্ঠানিকতার বাইরে চুপিসারে দুই দিন আগে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। তবে কনে তখনও বরের বাড়িতে যাননি।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে কনের বাড়িতে বর্ণাঢ্য আয়োজনে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এতে বর মাহিনও অংশ নেন। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। পরে তার মৃত্যু হয় এবং দাফনও সম্পন্ন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

রোববার (২৩ আগস্ট) কনের বাড়িতে বৌ-ভাতের আয়োজন ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ফলে উৎসবের জন্য প্রস্তুত করা বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। দাওয়াতি রান্নার জন্য আনা হাড়ি-পাতিল এলোমেলো পড়ে রয়েছে, অতিথিদের বসানোর জন্য আনা চেয়ারগুলোও আর সাজানো হয়নি। বরের জন্য নির্ধারিত স্থানটিও পড়ে রয়েছে খালি।

নিহত মাহিনের এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, গায়ে হলুদ শেষে বাড়ি ফেরার পথে ছেলেটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। দুই দিন আগেই তার বিয়ে হয়েছিল। আনুষ্ঠানিকতার জন্য কনের বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে।

কনের মামা জাহেদুন সোহেল বলেন, শনিবার রাতে ভাগনির গায়ে হলুদ ছিল। অনুষ্ঠানে বরও এসেছিলেন। পরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রোববার বৌ-ভাতের আয়োজন ছিল। কিন্তু এক রাতের ব্যবধানে সব আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর তিনি শুনেছেন। তবে মরদেহ কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। দুর্ঘটনার বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাহিনের মৃত্যুতে এক পরিবারে সন্তান হারানোর শোক আর অন্য পরিবারে সদ্যবিবাহিত কিশোরী স্বামী হারানোর বেদনা—দুই পরিবারেই এখন চলছে শোকের মাতম।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ