ATN
শিরোনাম
  •  

সাব্বিরের ঝড়ো ফিফটিতে বাংলাদেশ এইচপির টানা দ্বিতীয় জয়

         
সাব্বিরের ঝড়ো ফিফটিতে বাংলাদেশ এইচপির টানা দ্বিতীয় জয়

সাব্বিরের ঝড়ো ফিফটিতে বাংলাদেশ এইচপির টানা দ্বিতীয় জয়

হোবার্ট হ্যারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনে হোবার্টের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ।

রান তাড়ায় শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৪ রানে হাবিবুর রহমান সোহান এবং ৯ রানে জিসান আলম ফেরেন। আরিফুল হক ও অধিনায়ক ইরফান শুক্কুরও ৪ রান করে আউট হলে চাপে পড়ে বাংলাদেশ।

তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন সাব্বির রহমান রুম্মন। পঞ্চম উইকেটে শামীম পাটেয়ারীকে সঙ্গে নিয়ে ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান তিনি। ২৪ বলে ১৬ রান করে শামীম ফিরলেও সাব্বির নিজের গতিতে এগিয়ে যান এবং তুলে নেন দুর্দান্ত ফিফটি। শেষ পর্যন্ত ৫৯ রানের ইনিংস খেলে আউট হন তিনি।

সাব্বিরের পর এসএম মেহরবের ১৩ রান এবং শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইনের অপরাজিত ১৯ ও আবু হায়দার রনির অপরাজিত ৮ রান বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

এর আগে টস জিতে হোবার্টকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ এইচপির অধিনায়ক ইরফান শুক্কুর। শুরুতেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়ার দলটি। জ্যাক ডোরেন, রাধাকৃষ্ণা ও ব্র্যাডলি হোপ দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে হোবার্টের ওপর।

তবে একপ্রান্তে অবিচল ছিলেন ত্যাগ উইলি। ব্যাট হাতে দুর্দান্ত প্রতিরোধ গড়ে ফিফটি পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৭৮ রানে অপরাজিত থাকেন উইলি। দলনেতা টিম ওয়ার্ড ১৫ এবং রাফ ম্যাকমিলান ১১ রান করলে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায় হোবার্ট।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ রুবেল। তিনি ৩টি উইকেট নেন। রিপন মণ্ডল শিকার করেন ২ উইকেট। এছাড়া আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন একটি করে উইকেট নেন।

সাব্বিরের কার্যকর ব্যাটিং ও শেষ দিকে সাকলাইন-রনির দৃঢ়তায় জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি, যা টুর্নামেন্টে তাদের টানা দ্বিতীয় জয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ