ATN
শিরোনাম
  •  

সংগঠনের ত্রুটি দূর করে নতুন নেতৃত্বে বিএনপি: রিজভী

         
সংগঠনের ত্রুটি দূর করে নতুন নেতৃত্বে বিএনপি: রিজভী

সংগঠনের ত্রুটি দূর করে নতুন নেতৃত্বে বিএনপি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দলের সাংগঠনিক ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে তা সমাধান ও মেরামতে কাজ করা হবে। একই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক বাড়িয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান সাংগঠনিক বিষয়ে যেসব নির্দেশনা ও দিকনির্দেশনা দেবেন, তা তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করা হবে। সংগঠনের দুর্বলতা দূর করে একটি ঐক্যবদ্ধ ও জনগণের কাছে দায়বদ্ধ রাজনৈতিক দল গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অনৈতিক অভিযোগ থাকবে না—এমন পরিচ্ছন্ন নেতৃত্ব গড়ে তুলতে কাজ করা হবে। মেয়াদোত্তীর্ণ জেলা ও সহযোগী সংগঠনগুলোতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। তবে কোনো নেতা পদ হারালেই সাংগঠনিকভাবে বাদ পড়বেন না; যোগ্যতা অনুযায়ী তাদের ওপরের পদে বা মূল দলে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে।

রিজভীর ভাষায়, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে ‘নতুন রক্ত সঞ্চালন’ ঘটবে। সাংগঠনিক এই প্রক্রিয়া অব্যাহত রাখাই তার অন্যতম প্রধান প্রচেষ্টা হবে।

গ্যাস সংকট প্রসঙ্গে

চলমান গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, নানা সংকটের মধ্যেও সরকার জনগণের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে। নির্বাচনের আগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরন্তর কাজ করছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি ও এলএনজি সরবরাহের টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাসের চাপ কমে যায়। এতে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাসাবাড়িতেও গ্যাস সংকট দেখা দেয়।

রিজভী জানান, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি এরই মধ্যে মেরামত করা হয়েছে। এলএনজিবাহী কার্গো পৌঁছানোর পর গ্যাস সরবরাহও শুরু হয়েছে। ফলে বিভিন্ন অঞ্চলে গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে এবং লোডশেডিং কমেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত উন্নয়ন ও জনকল্যাণমূলক অবকাঠামো নির্মাণে কাজ করছে। অতীতের ‘মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি’র পরিবর্তে এখন প্রকৃত উন্নয়ন হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, একটি গণভিত্তিক, জনবান্ধব ও দায়বদ্ধ সরকার কীভাবে দুর্নীতিমুক্ত উন্নয়ন অবকাঠামো গড়ে তুলতে পারে, বর্তমান সরকার তার উদাহরণ তৈরি করছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ