ATN
শিরোনাম
  •  

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

         
ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সভার সিদ্ধান্তের বিষয়টি জানান।

সভায় ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি সম্ভাব্য রুট নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল—রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটকে উপযোগী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি প্রয়োজনীয় নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্প বাস্তবায়নের আগে এর সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে ভোলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সড়ক যোগাযোগ উন্নয়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি বাস্তবায়িত হলে বরিশাল ও ঢাকার সঙ্গে ভোলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে।

নদীবেষ্টিত ভোলার মানুষ দীর্ঘদিন ধরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াতে নৌপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। নতুন সড়ক যোগাযোগ চালু হলে এই নির্ভরতা কমার পাশাপাশি ভোলার সঙ্গে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সংযোগ আরও শক্তিশালী হবে।

সভায় সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত রুটের অন্যতম সুবিধা হলো তুলনামূলকভাবে কম দূরত্ব, সময় ও ব্যয়ে ভোলার সঙ্গে বরিশাল ও ঢাকার যোগাযোগ স্থাপনের সুযোগ। ফলে এটি ভবিষ্যতে ভোলার জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে উঠতে পারে।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ