ATN
শিরোনাম
  •  

চার সিনেমার প্রস্তাব, বড় পর্দায় ফেরার ইঙ্গিত অপূর্বের

         
চার সিনেমার প্রস্তাব, বড় পর্দায় ফেরার ইঙ্গিত অপূর্বের

চার সিনেমার প্রস্তাব, বড় পর্দায় ফেরার ইঙ্গিত অপূর্বের

টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার বড় পর্দায় ফেরার কথা ভাবছেন। বর্তমানে তার হাতে রয়েছে চারটি সিনেমার প্রস্তাব। তবে কোন সিনেমায় তিনি অভিনয় করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই অভিনেতা।

দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্ব সিনেমায় কাজ করেছেন মাত্র দুটিতে। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। তবে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এরপর আর সিনেমায় নিয়মিত হননি তিনি।

দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে কলকাতার সিনেমা ‘চালচিত্র’-এ অভিনয় করেন অপূর্ব। সিনেমাটিতে তার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে স্বল্প সময়ের। তবুও তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। এরপর প্রায় দুই বছর পেরিয়ে গেলেও নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।

তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। একসঙ্গে চারটি সিনেমা নিয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন অপূর্ব। যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে কোনো প্রকল্পের নাম প্রকাশ করতে চাইছেন না তিনি।

গণমাধ্যমকে অপূর্ব বলেন, ‘এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। শুধু এতটুকু বলতে পারি, একসঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। অনেক সময় দেখা যায়, শুটিং শুরু হওয়ার পরেও শেষ পর্যন্ত সিনেমাটি আর হয় না। এ কারণে আগে থেকে বলতে চাই না। কোনো কারণে পরবর্তী সময়ে সিনেমাটি না হলে দর্শকের আস্থা নষ্ট হয়ে যাবে। যখন বুঝতে পারব আসলেই হচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’

অপূর্বের বক্তব্যে স্পষ্ট, সিনেমায় ফেরার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। চারটি প্রস্তাবের গল্প, চরিত্র, নির্মাণ পরিকল্পনা ও সম্ভাবনা যাচাই করে নিজের জন্য উপযুক্ত প্রকল্পটিই বেছে নিতে চান তিনি। ফলে বড় পর্দায় তার প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ভক্তরা।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে কনসার্টে অংশ নিয়ে দেশে ফিরেছেন অপূর্ব। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন নাটকের শুটিংয়ে। মাসরিকুল আলমের নির্মাণে ‘নীলাঞ্জনা’ নাটকে অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন শার্লিন ফারজানা।

‘নীলাঞ্জনা’র শুটিং শেষ করার পর টানা আরও সাতটি নাটকে অভিনয় করার কথা রয়েছে অপূর্বের। অর্থাৎ সিনেমা নিয়ে নতুন সম্ভাবনার পাশাপাশি টেলিভিশন ও ওটিটিতেও নিজের ব্যস্ততা ধরে রাখছেন এই জনপ্রিয় অভিনেতা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ