ATN
শিরোনাম
  •  

ওসমানীনগরে ট্যাংকলরির ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজনসহ ৪ জনের

         
ওসমানীনগরে ট্যাংকলরির ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজনসহ ৪ জনের

ওসমানীনগরে ট্যাংকলরির ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজনসহ ৪ জনের

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী এলাকার গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী, তার স্ত্রী ও মেয়ে এবং সিএনজিচালিত অটোরিকশার চালক লালন মিয়া। লালন মিয়া শেরপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে।

শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথে ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা চালকসহ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ