ATN
শিরোনাম
  •  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতেই দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

         
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতেই দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতেই দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতেই দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়ে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাজ হয়েছে। এরই মধ্যে প্রায় তিনটি নতুন উইং চালু করা হয়েছে। অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ চলছে। পাশাপাশি প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটিও গঠন করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তাকে অত্যন্ত ব্যস্ত সময় পার করতে হবে। এ কারণে কাজের সুবিধা ও গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সে অনুযায়ী টিমওয়ার্কের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে।

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, যেকোনো বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ এবং জনগণের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে।

তিনি আরও বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে সিদ্ধান্ত সরকারই নেবে। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশের গণমাধ্যমই তা সবার আগে জানতে পারবে। বিদেশি কোনো দেশের গণমাধ্যমে প্রকাশিত খবর দেখে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে বা প্রভাবিত হতে হবে না।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) তাকে এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ