ATN
শিরোনাম
  •  

মন্ত্রিসভায় নতুন ছয় মুখ, শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

         
 মন্ত্রিসভায় নতুন ছয় মুখ, শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

মন্ত্রিসভায় নতুন ছয় মুখ, শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ অনুষ্ঠিত হয়।

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। তারা দায়িত্ব গ্রহণের শপথের পাশাপাশি গোপনীয়তা রক্ষার শপথও নেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতির শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ নেওয়া চার মন্ত্রী হলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, জামালপুর-১ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির (টেকনোক্র্যাট) এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন ছয় সদস্যের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় সদস্যসংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে—এর মধ্যে ২৮ জন মন্ত্রী এবং ২৭ জন প্রতিমন্ত্রী।

সরকার গঠনের প্রায় ছয় মাসের মাথায় এটিই তারেক রহমান সরকারের প্রথম বড় মন্ত্রিসভা পুনর্বিন্যাস। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে মন্ত্রিসভাকে আরও শক্তিশালী ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ