ATN
শিরোনাম
  •  

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন স্ত্রী

         
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন স্ত্রী

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন স্ত্রী

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন কার্লোসের স্ত্রী, মরক্কান বংশোদ্ভূত ফুটবল এজেন্ট সুহাইলা তাহিরি।

এর আগে কার্লোস নিজেও তার ধর্মান্তরের খবর অস্বীকার করেছিলেন। সৌদি আরবের সংবাদমাধ্যম ‘ওকাজ’-কে তিনি জানান, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তবে ইসলাম গ্রহণের যে গুঞ্জন ছড়িয়েছে, সেটি সত্য নয়।

এবার বিষয়টি নিয়ে আরও স্পষ্ট অবস্থান জানিয়েছেন তাহিরি। মরক্কান সংবাদমাধ্যম হেস্পোর্তকে তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে ও দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়িয়ে পড়ছে, সবই অসত্য।’

কার্লোসের ধর্মান্তরের গুঞ্জনের সূত্রপাত মূলত তুরস্কের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে। সেখানে দাবি করা হয়, ব্রাজিলে মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

পরে তুরস্কের সরকারি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিলে গুঞ্জন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তিনি দাবি করেন, কার্লোস দীর্ঘদিন ধরে শেখ জিহাদ হামাদার সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে সাক্ষাতের পর শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন।

তবে তাহিরির দাবি, এসব তথ্যের কোনো ভিত্তি নেই। এমনকি কার্লোস কোনো দুর্ঘটনায় আহত হওয়ার পর শেখ জিহাদ হামাদা হাসপাতালে গিয়ে তাকে দেখতে গিয়েছিলেন—এই দাবিও তিনি নাকচ করে দিয়েছেন।

তাহিরি বলেন, ‘এই গল্পও মিথ্যা। জিহাদ নামের কোনো শেখ কিংবা ধর্মযাজক তাকে হাসপাতালে দেখতে যাননি কিংবা কোরআনের আয়াত তাকে পড়াননি। এই লোক কে, আমরা সেটাই জানি না।’

কার্লোসের ধর্মীয় বিশ্বাস নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও বিষয়টি নিয়ে ব্যক্তিগত আলাপ প্রকাশ করতে চান না তাহিরি। তার মতে, অন্য ধর্ম বা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা থাকা এবং সেই ধর্ম গ্রহণ করা এক বিষয় নয়।

তিনি বলেন, ‘ভিন্ন সংস্কৃতি বা ধর্মের প্রতি শ্রদ্ধা স্বাভাবিক। বিশেষ করে যখন ভিন্ন প্রেক্ষাপটের মানুষের দেখা হয়। কিন্তু আমি আমাদের ব্যক্তিগত আলাপ প্রকাশ করতে চাই না। শুধু এটুকু নিশ্চিত করতে চাই—ইসলাম কিংবা কোরআন নিয়ে কোনো আলাপ বা কথোপকথন মানেই একজন ব্যক্তি ধর্মান্তরিত হয়ে গেলেন, এমন নয়।’

কার্লোসের স্ত্রী আরও বলেন, ধর্মীয় বিষয় অত্যন্ত সংবেদনশীল। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রকাশ করা উচিত নয় এবং প্রত্যেকের বিশ্বাস ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানো প্রয়োজন।

ফলে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি আপাতত নিছক গুঞ্জন হিসেবেই থেকে যাচ্ছে। কার্লোস নিজে এবং তার স্ত্রী—দুজনেই স্পষ্টভাবে ধর্মান্তরের দাবি প্রত্যাখ্যান করেছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ