ATN
শিরোনাম
  •  

ওয়াটারএইডের আঞ্চলিক পরিচালক ডা. খায়রুল ইসলামের মৃত্যু

         
ওয়াটারএইডের আঞ্চলিক পরিচালক ডা. খায়রুল ইসলামের মৃত্যু

ওয়াটারএইডের আঞ্চলিক পরিচালক ডা. খায়রুল ইসলামের মৃত্যু

জনস্বাস্থ্য, পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব, গবেষক ও লেখক এবং ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. মো. খায়রুল ইসলাম আর নেই। শুক্রবার ভোরে রাজধানীর কন্টিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে ডা. খায়রুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশের জনস্বাস্থ্য, পানি, স্যানিটেশন ও হাইজিন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডা. খায়রুল ইসলাম। প্রজ্ঞা, দূরদৃষ্টি, নেতৃত্ব, মানবিকতা ও দেশের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি এ খাতের একজন পথপ্রদর্শক হিসেবে পরিচিত ছিলেন। কয়েক দশক ধরে দেশের পানি ও স্যানিটেশন খাতের উন্নয়নে তিনি সক্রিয়ভাবে কাজ করেন।

চলতি আগস্ট মাসেই ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর পদ থেকে তার অবসর নেওয়ার কথা ছিল।

ডা. মো. খায়রুল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে নিপসম ও যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। জনস্বাস্থ্য, স্বাস্থ্যব্যবস্থা ও সামাজিক বিভিন্ন বিষয়ে তিনি নিয়মিত গবেষণা ও লেখালেখি করতেন। দেশে ও বিদেশে তার একাধিক বই প্রকাশিত হয়েছে। ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ’ বইয়ের সম্পাদনা পরিষদের সদস্য ও প্রদায়ক হিসেবেও তিনি কাজ করেছেন।

মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস সংরক্ষণেও ডা. খায়রুল ইসলামের উল্লেখযোগ্য অবদান রয়েছে। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের সঙ্গে প্রায় পাঁচ বছর গবেষণা করে তারা যৌথভাবে রচনা করেন ‘মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস’ বইটি। ২০২২ সালে বইটি প্রকাশিত হয়।

ডা. খায়রুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। তিনি বলেন, ডা. খায়রুলের প্রয়াণ বাংলাদেশের জনস্বাস্থ্য ও ওয়াশ খাতের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি শুধু সহকর্মী বা নেতা ছিলেন না, অসংখ্য মানুষের কাছে একজন মেন্টর ও পথপ্রদর্শক ছিলেন। তার জ্ঞান, বিনয়, মানবিকতা ও নেতৃত্ব থেকে বহু মানুষ শিক্ষা ও অনুপ্রেরণা পেয়েছেন।

প্রয়াত ডা. মো. খায়রুল ইসলামের একমাত্র ছেলে অর্ক অস্ট্রেলিয়া থেকে দেশে আসছেন। শনিবার বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ