ATN
শিরোনাম
  •  

আলাস্কায় অবতরণের সময় চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

         
আলাস্কায় অবতরণের সময় চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

আলাস্কায় অবতরণের সময় চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে দুর্গম একটি সামরিক রাডারকেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, কেপ নিউএনহাম লং রেঞ্জ রাডার কেন্দ্রের বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানবন্দরটি আলাস্কার বৃহত্তম শহর অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৭২৫ কিলোমিটার দূরে। অ্যাঙ্কোরেজ থেকেই বিমানটি যাত্রা করেছিল।

জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, দুর্ঘটনার সময় বিমানে ছয়জন যাত্রী ও দুজন পাইলট ছিলেন।

দুর্ঘটনাকবলিত বিমানটি সেসনা ৪৪১ মডেলের। অ্যাঙ্কোরেজভিত্তিক চার্টার বিমান সংস্থা সিকিউরিটি এভিয়েশন এটি পরিচালনা করত।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, সিকিউরিটি এভিয়েশনের বিমানে চড়ে তিনি আলাস্কার বিভিন্ন এলাকায় বহুবার ভ্রমণ করেছেন এবং প্রতিষ্ঠানটির অভিজ্ঞ অনেক পাইলটের সঙ্গে তার পরিচয় ছিল।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে ইউএস কোস্ট গার্ড, এনটিএসবি, আলাস্কা স্টেট ট্রুপার্স ও রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারসহ বিভিন্ন সংস্থা অংশ নেয়।

আলাস্কান নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড অঞ্চল ও একাদশ এয়ার ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস জানান, বিমানে থাকা ব্যক্তিরা দুর্গম পরিবেশে গুরুত্বপূর্ণ মিশনে নিয়োজিত ছিলেন। তাদের মৃত্যু সামরিক পরিবার ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য হৃদয়বিদারক ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি।

তবে রাডারকেন্দ্রে নিহত ব্যক্তিরা ঠিক কী ধরনের দায়িত্ব পালন করছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজিওনাল সাপোর্ট সেন্টার ওই রাডারকেন্দ্র পরিচালনা ও তদারকি করে।

সূত্র: এপি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ