ATN
শিরোনাম
  •  

এআই দিয়ে চিকিৎসকের পরিচয় নকল করে ভুয়া ওষুধের প্রচার, ডিবির হাতে গ্রেপ্তার ২

         
এআই দিয়ে চিকিৎসকের পরিচয় নকল করে ভুয়া ওষুধের প্রচার, ডিবির হাতে গ্রেপ্তার ২

এআই দিয়ে চিকিৎসকের পরিচয় নকল করে ভুয়া ওষুধের প্রচার, ডিবির হাতে গ্রেপ্তার ২

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ইউরোলজিস্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামের ছবি, নাম, পরিচয় ও কণ্ঠস্বর নকল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও অননুমোদিত ওষুধের বিজ্ঞাপন প্রচার এবং বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন—তানভির আলম ওরফে রাহাত (২৩) ও মো. নুরনবী ইসলাম ওরফে মানিক (২৩)।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার দুজন একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সক্রিয় সদস্য। তারা ফেসবুকে অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া আইডি ও পেজ খুলে সাধারণ মানুষের আস্থা অর্জন করতেন। পরে এআই প্রযুক্তির মাধ্যমে চিকিৎসকের ছবি ও কণ্ঠস্বর নকল করে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো।

এসব ভিডিও ও পোস্টে প্রস্টেটের সমস্যা, শারীরিক ও যৌন দুর্বলতাসহ বিভিন্ন রোগের সমাধানের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ‘Prostulin F’ নামের একটি পণ্যের বিজ্ঞাপন ও বিক্রি করা হতো। জনপ্রিয় চিকিৎসকের পরিচয় ব্যবহার করায় অনেকেই বিভ্রান্ত হয়ে পণ্যটি কিনে প্রতারণার শিকার হচ্ছিলেন বলে জানিয়েছে ডিবি।

বিষয়টি জানতে পেরে অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম তাঁর ব্যক্তিগত সহকারীর মাধ্যমে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলা হওয়ার পর ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত শুরু করে।

তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়। পরে গত ১৮ ও ১৯ আগস্ট চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি ও পাঁচলাইশ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তানভির আলম ও নুরনবী ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড এবং সাতটি ভুয়া ভেষজ ফুড সাপ্লিমেন্ট পণ্য উদ্ধার করা হয়।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অনলাইনে ওষুধ বা স্বাস্থ্যপণ্য কেনার আগে সংশ্লিষ্ট চিকিৎসক, হাসপাতাল বা প্রতিষ্ঠানের অনুমোদন ও বৈধতা যাচাই করার পরামর্শ দিয়েছে ডিবি। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন কিংবা অপরিচিত ব্যক্তির কথায় বিশ্বাস করে কোনো ওষুধ বা স্বাস্থ্যপণ্য না কেনারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ