ATN
শিরোনাম
  •  

চা-শ্রমিকদের শতবর্ষের ইতিহাসে ‘মুল্লুক’, মেঘদল ফিরছে কোক স্টুডিও বাংলায়

         
চা-শ্রমিকদের শতবর্ষের ইতিহাসে ‘মুল্লুক’, মেঘদল ফিরছে কোক স্টুডিও বাংলায়

চা-শ্রমিকদের শতবর্ষের ইতিহাসে ‘মুল্লুক’, মেঘদল ফিরছে কোক স্টুডিও বাংলায়

কোক স্টুডিও বাংলা সিজন ৪-এ নতুন গান নিয়ে ফিরছে জনপ্রিয় ব্যান্ড মেঘদল। সিজনের চতুর্থ গান ‘মুল্লুক’-এ উঠে এসেছে বাংলাদেশের চা-বাগানের শ্রমজীবী মানুষের মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকা শতবর্ষের পুরোনো ইতিহাস এবং ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’।

দুই দশকের বেশি সময় ধরে বাংলা সংগীতে স্বতন্ত্র অবস্থান তৈরি করা মেঘদল চা-শ্রমিকদের জীবন, সংগ্রাম ও শেকড়ে ফেরার আকাঙ্ক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে গানটি তৈরি করেছে। ‘পিঞ্জরাকে পুষল ময়না’ ঐতিহ্যবাহী পঙ্‌ক্তি ও সুরকে ভিত্তি করে শিবু কুমার শীলের কথা ও সুরে নির্মিত হয়েছে ‘মুল্লুক’। গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই চা-শ্রমিক রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি।

শ্রীমঙ্গলের ঢোলের ছন্দ, চা-শ্রমিকদের আবেগঘন কণ্ঠ এবং মেঘদলের সমকালীন সংগীতধারার সমন্বয়ে গানটিতে ফুটে উঠেছে নিজের মাটিতে ফিরে যাওয়ার আকুলতা, পরিচয়ের সন্ধান এবং আপন ঘরে ফেরার স্বপ্ন।

কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মুল্লুক’-এর গল্প শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ইতিহাসে সীমাবদ্ধ নয়। আপন মাটি ও ঘরে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা মানুষের একটি চিরন্তন অনুভূতি। লোকসংগীতের শিকড়ের সঙ্গে আধুনিক সংগীতের এই মেলবন্ধন চা-শ্রমিকদের সংগ্রামের ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি প্রতিদিন পরিশ্রম করে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা মানুষের নিজস্ব ঠিকানায় ফেরার আকাঙ্ক্ষাকেও তুলে ধরেছে।

এর আগে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে লোকঐতিহ্য ও সমকালীন সংগীতের মেলবন্ধনে ‘বনবিবি’ গানটি উপহার দিয়েছিল মেঘদল। লোকশিল্পী জহুরা বাউলের সঙ্গে যৌথভাবে পরিবেশিত সেই গানে সুন্দরবনের লোকগাথা, প্রকৃতি, বাঘ ও জঙ্গলবাসীর বিশ্বাসের পাশাপাশি উঠে এসেছিল ‘খনার বচন’। শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমনের লেখা এবং মেঘদলের সুর ও সংগীত পরিচালনায় তৈরি গানটি শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিল।

কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর ‘মুল্লুক’ গানটি আজ রাত ৮টায় প্রকাশিত হবে। গানটি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাশাপাশি কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেলেও শোনা যাবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ