ATN
শিরোনাম
  •  

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

         
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

কেনিয়ায় একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান মাইকেল সেনসি কন্টুগি, তার স্ত্রী স্টেফানি কন্টুগি এবং পাঁচ মার্কিন নাগরিকসহ মোট সাত যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় হেলিকপ্টারের চালকও মারা গেছেন।

বুধবার সকালে কেনিয়ার রাজধানী নাইরোবির উত্তরে সামবুরু জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটি দেশটির উত্তরাঞ্চলের লোইসাবা ওয়াইল্ডলাইফ রিজার্ভ থেকে উড্ডয়ন করেছিল।

কেসিএএর অধীন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (এএআইডি) পরিচালক ফ্রেডরিক কাবুঙ্গে এএফপিকে জানান, হেলিকপ্টারটিতে মোট আটজন ছিলেন। তাদের মধ্যে একজন চালক এবং সাতজন যাত্রী। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।

দুর্ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধারকাজে বাধার মুখে পড়ে উদ্ধারকারী দল। সামবুরু জেলার পুলিশ কর্মকর্তা ডেভিড এনকোরোই জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল পাঠানো হলেও অন্ধকার, দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি এবং ঘটনাস্থলের জটিল পরিস্থিতির কারণে রাতের উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার তৎপরতা শুরু করার কথা জানানো হয়।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে। কেনিয়া রেডক্রসের প্রকাশ করা ছবিতে দুর্ঘটনাস্থলে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ও আগুনের চিহ্ন দেখা গেছে।

নিহতদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দা বিভাগের প্রধান মাইকেল সেনসি কন্টুগি ও তার স্ত্রী স্টেফানি কন্টুগি ছিলেন—এ তথ্য প্রথম নিশ্চিত করেন দেশটির পরিবহনমন্ত্রী রবার্তো লুকু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং পরিবার, বিশেষ করে তাদের সন্তান ও বাবা-মায়ের প্রতি সমবেদনা জানান।

৪২ বছর বয়সী মাইকেল সেনসি কন্টুগি ২০২৪ সালে ইকুয়েডরের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পান। তিনি দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচ মার্কিন নাগরিক নিহত হয়েছেন। তবে নিহত মার্কিন নাগরিকদের নাম বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি তারা।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার তদন্ত শুরু করেছে কেনিয়ার বিমান দুর্ঘটনা তদন্ত বিভাগ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ