ATN
শিরোনাম
  •  

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

         
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্ত হন। কারা অধিদপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান সাবেক এই প্রধান বিচারপতি। ওই জামিনের পরিপ্রেক্ষিতেই বুধবার তার কারামুক্তি হয়।

এর আগে পৃথক আটটি মামলায় জামিন পেলেও বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২ জুলাই আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের শুনানি শেষে ৮ জুলাই তাকে আনুষ্ঠানিকভাবে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ২৭ জুলাই নিম্ন আদালতে খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর হয়। পরে ৯ আগস্ট তিনি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে পরদিন ১০ আগস্ট হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মহাখালীর সেতু ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে তাদের ওপর অতর্কিত হামলা, গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করা হয়। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন।

পরে আহত উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন। সেই মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের আদেশের পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বুধবার কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ