ATN
শিরোনাম
  •  

স্টামফোর্ডে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান 'ফলাবর্তন' অনুষ্ঠিত

         
স্টামফোর্ডে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান 'ফলাবর্তন' অনুষ্ঠিত

স্টামফোর্ডে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান 'ফলাবর্তন' অনুষ্ঠিত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মাধ্যমে পুরো সেমিস্টারজুড়ে শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কাজ, অ্যাসাইনমেন্ট, একাডেমিক ফলাফল, ক্লাস পারফরম্যান্স, সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল অবদানের স্বীকৃতি দেওয়া হয়। এসব ক্ষেত্রে কৃতিত্বের ভিত্তিতে মোট ১৯টি ক্যাটাগরিতে ৭১ জন শিক্ষার্থীকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামকে রঙিন ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান। তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতার ওপর জোর দিতে চাই। এমন একটি সংগঠিত আয়োজন দেখে আমি আনন্দিত।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া আসাদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস্‌-সাবের। তিনি এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, “ভবিষ্যতেও যেন এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এ ধারাবাহিকতা যেন বজায় থাকে।” পরে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারিয়া জাহান বলেন, ‘ফলাবর্তন’ শুধু পুরস্কার প্রদানের আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার একটি সুন্দর উদ্যোগ। এই আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যেও ছিল উৎসবের আমেজ। বিভাগের ৮৩তম ব্যাচের শিক্ষার্থী অনন্যা হালদার বলেন, এই আয়োজনের সবচেয়ে সুন্দর দিক হলো এখানে শুধু একাডেমিক ফলাফল নয়, সৃজনশীলতা, অ্যাসাইনমেন্ট ও শিক্ষার্থীদের নানা প্রতিভাকে মূল্যায়ন করা হয়েছে। এ ধরনের আয়োজন আমাদের পড়াশোনার বাইরেও সৃজনশীল কাজে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল মতিনসহ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ