ATN
শিরোনাম
  •  

‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে সুখবর, ফের একসঙ্গে তিন বন্ধু

         
‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে সুখবর, ফের একসঙ্গে তিন বন্ধু

‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে সুখবর, ফের একসঙ্গে তিন বন্ধু

২০১১ সালে মুক্তির পর দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয় জোয়া আখতার পরিচালিত সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। অর্জুন, কবির ও ইমরানের বন্ধুত্ব, জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি এবং স্পেনের মনোমুগ্ধকর প্রেক্ষাপট—সব মিলিয়ে সিনেমাটি পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছবিটির প্রতি দর্শকের আগ্রহও যেন আরও বেড়েছে।

এবার সেই ভক্তদের জন্য এল নতুন আশার খবর। দীর্ঘদিনের গুঞ্জনের পর ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল নিয়ে কাজ করার কথা নিজেই জানিয়েছেন নির্মাতা জোয়া আখতার।

মনসুন ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জোয়া জানান, সিনেমাটির গল্প নিয়ে তারা কাজ করছেন। তবে এখনো চূড়ান্তভাবে কিছু ঠিক হয়নি। তার ভাষায়, পুরোনো চরিত্রগুলোকে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন গল্পে ফিরিয়ে আনতে পারলে বিষয়টি দারুণ হবে।

প্রথম সিনেমায় তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন অভয় দেওল, হৃতিক রোশন ও ফারহান আখতার। গত বছর একটি বিজ্ঞাপনচিত্রে দীর্ঘ সময় পর তিনজনকে আবার একসঙ্গে দেখা যায়। তাদের সেই উপস্থিতি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, হয়তো সেটিই ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’-এর আগাম ঝলক। তবে পরে জানা যায়, বিষয়টি সিনেমাটির সিক্যুয়েলের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল না।

সিক্যুয়েলের মুক্তির তারিখ বা শুটিং শুরুর বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য দেননি জোয়া। তবে গল্প নিয়ে কাজ শুরু হওয়ার খবরেই আশাবাদী হয়ে উঠেছেন ভক্তরা। সবকিছু ঠিক থাকলে ফের পর্দায় দেখা যেতে পারে অর্জুন, কবির ও ইমরানের সেই জনপ্রিয় বন্ধুত্ব।

উল্লেখ্য, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমায় অভয় দেওল, হৃতিক রোশন ও ফারহান আখতারের পাশাপাশি অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, কাল্কি কোয়েচলিন, নাসিরুদ্দিন শাহসহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যের সঙ্গেও যুক্ত ছিলেন জোয়া আখতার।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ