ATN
শিরোনাম
  •  

সার মজুত পর্যাপ্ত, বিশৃঙ্খলার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রী

         
সার মজুত পর্যাপ্ত, বিশৃঙ্খলার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রী

সার মজুত পর্যাপ্ত, বিশৃঙ্খলার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই; বরং গত বছরের তুলনায় বর্তমানে বেশি সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তাঁর দাবি, পর্যাপ্ত মজুত থাকার পরও সার নিয়ে বিভিন্ন এলাকায় যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তা নতুন নীতিমালায় বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকা একটি মহলের ‘পরিকল্পিত ষড়যন্ত্র’।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের বিভিন্ন সরকারি গুদামে পর্যাপ্ত সার রয়েছে। কোনো কোনো স্থানে গুদামে সার রাখার জায়গাও পাওয়া যাচ্ছে না। গত বছরের একই সময়ের তুলনায় এবার সার মজুত বেশি রয়েছে বলেও জানান তিনি।

সার বিতরণ ও ব্যবস্থাপনা নিয়ে সরকার নতুন একটি নীতিমালা করেছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, এই নীতিমালার কারণে যারা নিজেদের বঞ্চিত মনে করছেন, তাদের কেউ কেউ বিভিন্নভাবে সমস্যা তৈরির চেষ্টা করছেন। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত সার আছে, তাই এ ধরনের ষড়যন্ত্র নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।’

সার নিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘এগুলো ভালো না, এগুলো করবেন না।’

এদিকে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে বিমানবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও সংরক্ষণসুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ ও কুল রুমের সুবিধা বাড়ানো গেলে কৃষিপণ্য দ্রুত এবং মানসম্মতভাবে বিদেশে পাঠানো সম্ভব হবে।

সরকার কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে অবকাঠামোগত সুবিধা বাড়ানোর পাশাপাশি সংরক্ষণব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ