ATN
শিরোনাম
  •  

ম্যাচ-সিরিজ জয়ে বোনাসের পুরোনো রীতি থেকে সরে আসছে বিসিবি

         
ম্যাচ-সিরিজ জয়ে বোনাসের পুরোনো রীতি থেকে সরে আসছে বিসিবি

ম্যাচ-সিরিজ জয়ে বোনাসের পুরোনো রীতি থেকে সরে আসছে বিসিবি

বড় কোনো জয় কিংবা সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে আর্থিক পুরস্কার দেওয়ার দীর্ঘদিনের রীতি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে সেই সংস্কৃতি থেকে এবার বেরিয়ে আসতে চাইছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ক্রিকেটারদের বোনাস দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। অনেকের ধারণা ছিল, এমন বড় অর্জনের পর এবারও ক্রিকেটারদের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করবে বিসিবি। তবে আপাতত ম্যাচ কিংবা সিরিজভিত্তিক বোনাস না দেওয়ার সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে বোর্ড।

বিসিবির এক পরিচালক ঢাকা পোস্টকে জানিয়েছেন, ম্যাচ বা সিরিজ জয়ের জন্য আলাদা করে বোনাস দেওয়ার পুরোনো সংস্কৃতি থেকে সরে আসতে চাচ্ছে বোর্ড। তার বদলে পুরো বছর ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে বছর শেষে পুরস্কার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ওই পরিচালক বলেন, ‘বোনাস সংস্কৃতির আগের রীতি থেকে বের হতে চাচ্ছি আমরা। কোনো ম্যাচ বা সিরিজের জন্য বোনাস না দিয়ে বছর শেষে ভালো খেলার ওপর ক্রিকেটারদের কিছু দেওয়া যেতে পারে।’

এর আগে একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তার মতে, শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জিতলেই বোনাস ঘোষণা করা এবং ব্যর্থ হলে সমালোচনার মুখে পড়ার এই ধারাবাহিকতা ক্রিকেটের জন্য স্বাস্থ্যকর নয়।

তামিম বলেন, ‘প্রত্যেক সিরিজে বোনাস ঘোষণা করা আর প্রতি সিরিজে তাদের এখানে নিয়ে এসে প্রশ্ন করা—আমি এটার পক্ষে না। ক্রিকেট এভাবে চলে না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ক্রিকেটারদের বোনাস প্রসঙ্গে জানতে চাইলে বিসিবি সভাপতি বিষয়টি অভ্যন্তরীণ রাখার কথা জানান। তিনি বলেন, এ নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করবে বোর্ড। একই সঙ্গে বাংলাদেশের এই অর্জনে গর্ব প্রকাশ করে তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য একটি বড় বার্তা।

উল্লেখ্য, দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ঐতিহাসিক এই জয়ের পরই ম্যাচভিত্তিক বোনাসের পুরোনো রীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ