ATN
শিরোনাম
  •  

ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় যারা

         
 ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় যারা

ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় যারা

যেকোনো সময় ঘোষণা হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। নতুন নেতৃত্ব নির্ধারণকে ঘিরে সংগঠনটির শীর্ষ পর্যায়ে চলছে শেষ মুহূর্তের যাচাই-বাছাই। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে নতুন কমিটি গঠন নিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে একাধিক দফায় আলোচনা হয়েছে। সম্ভাব্য নেতাদের সাংগঠনিক ভূমিকা, রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন বিষয় চুলচেরা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার বিকেলের পর যেকোনো সময় ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে।

সূত্রের দাবি, সিনিয়রদের নিয়ে কমিটি গঠন করা হলে সভাপতি পদে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এবং সাধারণ সম্পাদক পদে আমানুল্লাহ আমানের নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে জুনিয়রদের নিয়ে কমিটি হলে সভাপতি পদে আমানুল্লাহ আমান এবং সাধারণ সম্পাদক পদে নাহিদুজ্জামান শিপনের নাম শক্ত অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া নেতৃত্বের আলোচনায় রয়েছেন ইজাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, খোরশেদ আলম সোহেল, মমিনুল ইসলাম জিসান, কাজী জিয়াউদ্দিন বাসেত, গণেশ চন্দ্র রায় সাহস ও আবিদুল ইসলাম খান।

উত্তরাঞ্চল থেকে সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় একমাত্র প্রার্থী হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনোয়ার পারভেজের নামও উঠে এসেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে নতুন কমিটি ঘোষণার আগে বিদায়ী নেতৃত্বের আবেগঘন বিদায়ের ইঙ্গিতও পাওয়া গেছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দিন নাছির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক আবেগঘন পোস্ট দিয়েছেন।

পোস্টগুলোতে তারা ছাত্ররাজনীতির দীর্ঘ পথচলার স্মৃতিচারণের পাশাপাশি বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এখন সবার নজর নতুন কমিটির দিকে। শেষ পর্যন্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের নেতৃত্বের ভার কার হাতে তুলে দেন, সেটিই এখন সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ