ATN
শিরোনাম
  •  

এয়ারটেলের নতুন অধ্যায় ‘সার্কেল’, বদলাবে না গ্রাহকের সেবা

         
এয়ারটেলের নতুন অধ্যায় ‘সার্কেল’, বদলাবে না গ্রাহকের সেবা

এয়ারটেলের নতুন অধ্যায় ‘সার্কেল’, বদলাবে না গ্রাহকের সেবা

বাংলাদেশের তরুণদের জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেলকে নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে রিব্র্যান্ড করার ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি। সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটির উন্মোচন করা হয়।

রবি জানিয়েছে, ব্র্যান্ডের নাম ও পরিচয়ে পরিবর্তন এলেও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ও বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন আসছে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হয়ে যাবেন। তাঁদের বিদ্যমান ০১৬ নম্বর, প্যাকেজ, সেবা ও ব্যালান্স আগের মতোই বহাল থাকবে।

এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রিব্র্যান্ডিংয়ের পুরো প্রক্রিয়ায় এসব সেবা নিরাপদ ও সচল থাকবে।

রবি বলছে, এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক ১৬ বছরের ঐতিহ্যকে ভিত্তি করে তৈরি হয়েছে ‘সার্কেল’। নতুন ব্র্যান্ডে যুক্ত হচ্ছে উন্নত ডিজিটাল সক্ষমতা, প্রযুক্তিনির্ভর সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ভবিষ্যতমুখী প্রযুক্তির ব্যবহার। তরুণদের বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি ও অন্যান্য ডিজিটাল কার্যক্রমে আরও সাশ্রয়ী ও সমৃদ্ধ অভিজ্ঞতা দেওয়াই ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য।

‘সার্কেল’-এর মূল ভাবনা বাস্তব ও অর্থবহ সংযোগকে কেন্দ্র করে। ব্র্যান্ডটির বিশ্বাস, মানুষের বাস্তব সংযোগই তাদের আত্মপরিচয় গড়ে তুলতে এবং আপনজন, কমিউনিটি ও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার সঙ্গে যুক্ত থাকতে সহায়তা করে।

অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রার পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম বদলালেও গ্রাহকদের প্রতি মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।

তিনি বলেন, বর্তমান সময়ে শুধু আরও বেশি মানুষকে সংযুক্ত করাই যথেষ্ট নয়; সেই সংযোগকে আরও অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ। ‘সার্কেল’ এয়ারটেলের সেই যাত্রার পরবর্তী বিবর্তন।

‘আসল সংযোগ, সবসময় সচল’—এই বার্তাকে সামনে রেখে তরুণদের নির্ভরযোগ্য ডিজিটাল সঙ্গী হিসেবে পাশে থাকার লক্ষ্য নির্ধারণ করেছে ‘সার্কেল’। পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা ও তরুণদের ক্রমবর্ধমান সংযুক্ত জীবনধারার সঙ্গে তাল মিলিয়ে নতুন সেবা ও উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখার কথা জানিয়েছে রবি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ