ATN
শিরোনাম
  •  

‘উনকো সোয়েটার’-এর নতুন অধ্যায়, পিয়ুশ মিশ্রাকে নিয়ে ফিরছে নেপালি সিনেমা

         
‘উনকো সোয়েটার’-এর নতুন অধ্যায়, পিয়ুশ মিশ্রাকে নিয়ে ফিরছে নেপালি সিনেমা

‘উনকো সোয়েটার’-এর নতুন অধ্যায়, পিয়ুশ মিশ্রাকে নিয়ে ফিরছে নেপালি সিনেমা

নেপালি সিনেমাপ্রেমীদের পাশাপাশি ভারত ও বাংলাদেশের দর্শকদের মধ্যেও ব্যাপক সাড়া জাগানো ‘উনকো সোয়েটার’-এর নতুন অধ্যায় আসছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আর্টমান্ডু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন সিনেমার। এর নাম রাখা হয়েছে ‘কালিজি-উনকো সোয়েটার’।

২০২৫ সালের মে মাসে মুক্তির পর নেপালে দারুণ ব্যবসায়িক সাফল্য পায় ‘উনকো সোয়েটার’। পরবর্তী সময়ে অনলাইনে মুক্তির পর সিনেমাটি ছড়িয়ে পড়ে নেপালের বাইরেও। বিশেষ করে ভারত ও বাংলাদেশের দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে তৈরি হয় ব্যাপক আগ্রহ। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির গল্প, চরিত্র ও আবেগ নিয়ে তৈরি হয় অসংখ্য আলোচনা ও বিশ্লেষণ।

নতুন সিনেমাটি নির্মাণ করবেন নবীন চৌহান। এতে আগের সিনেমার প্রধান দুই অভিনয়শিল্পী বিপিন কারকি ও মিরুনা মাগার থাকছেন। নতুন করে যুক্ত হয়েছেন ভারতের জনপ্রিয় ও গুণী অভিনেতা পিয়ুশ মিশ্রা।

আর্টমান্ডুর ঘোষণায় বলা হয়েছে, ‘উনকো সোয়েটার’-কে দর্শকেরা যে ভালোবাসা দিয়েছেন, তারই ধারাবাহিকতায় গল্পের নতুন একটি অধ্যায় নিয়ে হাজির হচ্ছে ‘কালিজি-উনকো সোয়েটার’। তবে নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এটি সরাসরি কোনো সিক্যুয়েল নয়। বরং আগের সিনেমার চরিত্রগুলোর জীবনের আরেকটি অধ্যায় তুলে ধরা হবে এখানে—যেখানে তারা বয়ে বেড়াবে নিজেদের অসমাপ্ত আবেগ ও অনুভূতি।

পূর্ব নেপালের গ্রামীণ পরিবেশে নির্মিত ‘উনকো সোয়েটার’-এ পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার পাশাপাশি ফুটে উঠেছিল এক অসমাপ্ত ভালোবাসার গল্প। সিনেমাটির গানও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

প্রায় ২ কোটি নেপালি রুপি বাজেটে নির্মিত ‘উনকো সোয়েটার’ বক্স অফিসে আয় করে প্রায় সাড়ে ১১ কোটি রুপি। সেই সাফল্যের পর এবার নতুন গল্প ও নতুন চরিত্রের সংযোজন নিয়ে ‘কালিজি-উনকো সোয়েটার’ ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়ছে।

তবে নতুন সিনেমাটি ঠিক কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ