ATN
শিরোনাম
  •  

তারেক রহমানের ভারত সফর দ্রুত চায় দিল্লি, সম্পর্ক জোরদারে শীর্ষ বৈঠকের তাগিদ

         
তারেক রহমানের ভারত সফর দ্রুত চায় দিল্লি, সম্পর্ক জোরদারে শীর্ষ বৈঠকের তাগিদ

তারেক রহমানের ভারত সফর দ্রুত চায় দিল্লি, সম্পর্ক জোরদারে শীর্ষ বৈঠকের তাগিদ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত আয়োজনের পক্ষে মত দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি মনে করেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের সরাসরি বৈঠক ও আলোচনার মাধ্যমে বিদ্যমান মতপার্থক্য ও চ্যালেঞ্জগুলোর সমাধানের পথ তৈরি হতে পারে।

রোববার (১৬ আগস্ট) রাতে ঢাকার বারিধারায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান ও তার স্ত্রী কেট জারো খানের আয়োজিত এক নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর খুব শিগগিরই হওয়া উচিত। তার ভাষায়, শীর্ষ পর্যায়ের বৈঠক ও আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের মধ্যে হৃদয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশ ও ভারত শুধু একটি সীমান্তই ভাগাভাগি করে না, বরং দুই দেশের মানুষের মধ্যে অভিন্ন স্বপ্নও রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুটি সার্বভৌম রাষ্ট্র। দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ ও মতপার্থক্য থাকা স্বাভাবিক। গণতন্ত্রে বিতর্ক, যুক্তি-তর্ক ও মতভেদ থাকবেই এবং আলোচনার মধ্য দিয়েই এসবের সমাধান খুঁজে নিতে হবে।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুজনই জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতা। তাদের লক্ষ্যও অভিন্ন। দুই দেশের শীর্ষ নেতা যখন মুখোমুখি বৈঠকে বসেন এবং খোলামেলা আলোচনা করেন, তখন কোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধানের বাইরে থাকে না বলে তিনি মন্তব্য করেন।

ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক আলোচনা বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর পর্যায়ে নিয়ে যাবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ