ATN
শিরোনাম
  •  

বিএটি বাংলাদেশের প্রথম নারী কোম্পানি সেক্রেটারি ফারাহ নূর

         
 বিএটি বাংলাদেশের প্রথম নারী কোম্পানি সেক্রেটারি ফারাহ নূর

বিএটি বাংলাদেশের প্রথম নারী কোম্পানি সেক্রেটারি ফারাহ নূর

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ)-এর কোম্পানি সেক্রেটারি ও হেড অব কমপ্লায়েন্স হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারাহ নূর। গত ২৩ জুলাই ২০২৬ থেকে তার এ নিয়োগ কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে তিনি বিএটি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

আইন ও করপোরেট খাতে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ফারাহ নূর দুই দশকেরও বেশি সময় ধরে বিএটি বাংলাদেশের সঙ্গে যুক্ত। ২০০৫ সালে প্রতিষ্ঠানটিতে যোগদানের পর তিনি লিগ্যাল ও বিজনেস পার্টনারিং ফাংশনে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি লিটিগেশন অ্যান্ড করপোরেট কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএটি বাংলাদেশে যোগদানের আগে দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি আইন প্রতিষ্ঠানে চার বছরেরও বেশি সময় অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করেন ফারাহ নূর। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস ট্রেনিং প্রোগ্রামে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (অনার্স) ও এলএল.এম. ডিগ্রি অর্জন করেছেন ফারাহ নূর। পেশাগত দক্ষতা ও জ্ঞান উন্নয়নের অংশ হিসেবে মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও হংকংয়ে বিভিন্ন আন্তর্জাতিক পেশাগত উন্নয়ন কর্মসূচি ও বিশেষায়িত প্রশিক্ষণেও অংশ নিয়েছেন তিনি।

নতুন দায়িত্বে ফারাহ নূর বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদকে সহযোগিতা করার পাশাপাশি কোম্পানির গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নেতৃত্ব দেবেন।

নিয়োগ প্রসঙ্গে ফারাহ নূর বলেন, “এই দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সম্মানিত। দুই দশকেরও বেশি সময় ধরে বিএটি বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকায় আমি পরিচালনা পর্ষদ ও সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সততা, সুশাসন ও কমপ্লায়েন্সের মান আরও উন্নত করার বিষয়ে আশাবাদী। আমরা একসঙ্গে এমন একটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তুলব, যা কোম্পানির দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি ও কৌশলগত সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করবে।”

তিনি আরও বলেন, “আমি আশা করি, এই অর্জন আরও বেশি নারীকে নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।”

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ