ATN
শিরোনাম
  •  

টানা বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রামের সড়ক, দুর্ভোগে নগরবাসী

         
টানা বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রামের সড়ক, দুর্ভোগে নগরবাসী

টানা বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রামের সড়ক, দুর্ভোগে নগরবাসী

টানা বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকালেও অব্যাহত থাকায় নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

সোমবার সকাল থেকে নগরীর রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও জলজটের সৃষ্টি হয়েছে। ফ্লাইওভারে যানবাহন চলাচলের সময় ওপর-নিচে পানি পড়তে দেখা গেছে। নগরীর বিভিন্ন সড়কে পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক পথচারীকে বাধ্য হয়ে জমে থাকা পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তিনি জানান, লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বৃষ্টির কারণে জলাবদ্ধতার পাশাপাশি নগরীতে যানবাহন সংকটও দেখা দিয়েছে। চলমান গ্যাস সংকটের কারণে অনেক সিএনজিচালিত অটোরিকশা সড়কে নামেনি। ফলে পানি জমে সড়ক চলাচল ব্যাহত হওয়ার সঙ্গে গণপরিবহনের সংকট যুক্ত হয়ে মানুষের ভোগান্তি আরও বেড়েছে।

রাহাত্তারপুল এলাকার বাসিন্দা খাদিজা জান্নাত সুজন বলেন, ‘রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকালে বের হয়ে দেখি রাস্তায় পানি আরও বেড়েছে। হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। প্রতি বছর বর্ষায় একই ভোগান্তি হলেও স্থায়ী সমাধান হচ্ছে না।’

বাকলিয়া এলাকার বাসিন্দা ফকরুল আলম বলেন, সকালে অফিসে যাওয়ার সময় সড়কে অনেক পানি দেখতে পেয়েছেন। যানবাহনও তুলনামূলক কম থাকায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বেশি সময় লাগছে। বৃষ্টির সঙ্গে যানবাহনের সংকট থাকায় দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান তিনি।

বহদ্দারহাট এলাকার বেসরকারি চাকরিজীবী এস এম গিয়াস উদ্দিন বলেন, সড়কে পানি জমে থাকায় স্বাভাবিকভাবে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। অনেকেই পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে।

শুধু নগরী নয়, চট্টগ্রামের আশপাশের উপজেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বোয়ালখালীর চরখিজিরপুর-সাতগড়িয়াপাড়া এলাকায় বর্ষাজুড়েই জলাবদ্ধতার কারণে দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কে পানি জমে থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচলেও চরম ভোগান্তি হচ্ছে।

নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। এবারও রাতভর বৃষ্টির পর সোমবার সকালে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ