ATN
শিরোনাম
  •  

নেপালে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশের ‘শিকার’ সিনেমার শুটিং শুরু

         
নেপালে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশের ‘শিকার’ সিনেমার শুটিং শুরু

নেপালে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশের ‘শিকার’ সিনেমার শুটিং শুরু

পাহাড়ঘেরা নৈসর্গিক সৌন্দর্যের শহর নেপালের পোখারা। দুই পাশে উঁচু পাহাড়, সামনে মেঘছোঁয়া পর্বতশ্রেণি আর নীল আকাশের মায়াবি আবহে শুরু হলো ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা মর্তুজা পলাশের নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং। মহরতের মধ্য দিয়ে শুরু হওয়া সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীরা।

শুটিংয়ের প্রথম দিনে পোখারার লোকেশনে উপস্থিত হয়েছিলেন সিনেমার প্রধান অভিনয়শিল্পী অপু বিশ্বাস, মুর্তজা পলাশ ও বড়দা মিঠু। তাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত রনি এবং শ্যাম ভট্টাচার্য। ক্যামেরা চালুর আগে পুরো ইউনিটজুড়ে ছিল উৎসবের আমেজ; শিল্পীরা যেমন একে অপরের সঙ্গে আড্ডায় মেতেছিলেন, তেমনি ভক্তদের সঙ্গে ছবি তুলে সময় কাটিয়েছেন।

সিনেমাটির মঙ্গল কামনায় আয়োজিত মহরতে নিজস্ব ধর্মীয় রীতি ও নিয়ম অনুসরণ করা হয়। প্রধান অভিনেতা মুর্তজা পলাশ প্রথমে দোয়া পরিচালনা করেন এবং পরে অভিনেতা শ্যাম ভট্টাচার্য নারিকেল ভেঙে আনুষ্ঠানিকভাবে শুটিংয়ের সূচনা করেন। এরপরই শুরু হয় মূল দৃশ্যধারণের কাজ।

কামরুজ্জামান রোমান পরিচালিত এবং রেজা ফিল্ম প্রযোজিত ‘শিকার’ সিনেমায় বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীরা কাজ করছেন। নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ঘেরা প্রকৃতির মাঝে মাসজুড়ে চলবে সিনেমাটির শুটিং।

সিনেমাটির গল্পে নিজের চরিত্র ও কাজের সুযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই। কারণ সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। আর এই সিনেমার মাধ্যমে আরো একজন নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।’

এর আগে একাধিক নাটকে অভিনয় করলেও ‘শিকার’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা মুর্তজা পলাশের। সিনেমায় অভিষেক নিয়ে তিনি বলেন, ‘প্রথমবারের মতো সিনেমা করছি। কারণ এই সিনেমার গল্প পড়ে মনে হয়েছে, আমি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। তাই নির্মাতার কথা অনুযায়ী গত আট মাস ধরে নিজের লুক তৈরি করেছি। আজ আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, দর্শককে যেন ভালো কিছু উপহার দিতে পারি। আশা করি, গল্পটি দর্শকের হৃদয়ে আঁচড় কাটবে।’

নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, নেপালের বিভিন্ন মনোরম পরিবেশে মাসজুড়ে সিনেমাটির শুটিং চলবে। তিন দেশের শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে নির্মিত ‘শিকার’ আগামী বছরের ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ