ATN
শিরোনাম
  •  

দেব-শুভশ্রীর নতুন রসায়ন, ১১ বছর পর ‘দেশু’ জুটির প্রত্যাবর্তন

         
 দেব-শুভশ্রীর নতুন রসায়ন, ১১ বছর পর ‘দেশু’ জুটির প্রত্যাবর্তন

দেব-শুভশ্রীর নতুন রসায়ন, ১১ বছর পর ‘দেশু’ জুটির প্রত্যাবর্তন

দীর্ঘ ১১ বছর পর আবারও পর্দায় একসঙ্গে ফিরছেন টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’ ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সিনেমাটি পরিচালনাও করছেন দেব নিজেই। শনিবার প্রকাশ্যে এসেছে ছবিটির প্রথম পোস্টার, যেখানে পুরনো দিনের রোম্যান্টিক আবহে ধরা দিয়েছেন এই তারকা জুটি।

পোস্টারে পাহাড়ের ওপর বাইক নিয়ে বসে থাকতে দেখা যায় দেবকে। তার বিপরীত দিকে মুখ করে দেবকে জড়িয়ে বসে আছেন শুভশ্রী। দুজনের এই ঘনিষ্ঠ ও প্রেমময় মুহূর্ত মনে করিয়ে দিয়েছে তাদের পুরনো পর্দার রসায়ন। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।

দেবের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে পোস্টারটি প্রকাশের পর প্রায় ৬০ হাজার প্রতিক্রিয়া জমা পড়েছে। পাশাপাশি কয়েক হাজার মন্তব্যও এসেছে। অনুরাগীদের অনেকেই পুরনো ‘দেশু’ জুটিকে নতুন রূপে ফিরে পাওয়ার আনন্দ প্রকাশ করেছেন।

পোস্টারের সঙ্গে দেওয়া ক্যাপশনে লেখা হয়েছে, ‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা। ভালোবাসা তাদের চোখে, আগুন তাদের রক্তে। প্রেম, অ্যাকশনের নতুন এক অধ্যায়ের জন্য সবাই প্রস্তুত হও।’

দেব-শুভশ্রীর এই পুনর্মিলনে শুধু ভক্তরাই নন, উচ্ছ্বসিত তাদের বর্তমান সঙ্গীরাও। দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তীও ছবিটির জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, দেব ও শুভশ্রী একসময় টালিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন। তাদের একসঙ্গে অভিনীত সিনেমাগুলো দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এবং ‘দেশু’ নামে তাদের জুটি আলাদা পরিচিতি তৈরি করেছিল। তবে ব্যক্তিগত কারণে দীর্ঘ সময় তাদের একসঙ্গে দেখা যায়নি।

গত বছর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে তাদের পর্দায় ফেরার খবর সামনে এলেও ছবিটির শুটিং হয়েছিল ২০১৫ সালে। ফলে নতুন সিনেমা ‘দেশু ৭’-এর মাধ্যমেই কার্যত দীর্ঘ বিরতির পর নতুন করে একসঙ্গে কাজ করছেন তারা। এর পাশাপাশি এই সিনেমা দিয়ে প্রথমবার পরিচালকের আসনে বসছেন দেব।

প্রেম, অ্যাকশন ও পুরনো জুটির নতুন রসায়ন—সব মিলিয়ে ‘দেশু ৭’ নিয়ে দর্শকদের প্রত্যাশা তাই অনেকটাই বেশি। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ