ATN
শিরোনাম
  •  

প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রীর মৃত্যু, প্ররোচনার মামলায় গ্রেপ্তার হাসিবুর

         
প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রীর মৃত্যু, প্ররোচনার মামলায় গ্রেপ্তার হাসিবুর

প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রীর মৃত্যু, প্ররোচনার মামলায় গ্রেপ্তার হাসিবুর

রাজধানীর ভাটারা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রিধির মা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাটারা থানায় মামলা করেছেন।

রোববার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, মামলায় রিধির প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

পুলিশের তথ্যমতে, শনিবার (১৫ আগস্ট) ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসায় রিধিকার মৃত্যু হয়। মৃত্যুর আগে প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে প্রেমিককে ভিডিও কলে রেখেই তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর রিধিকার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও এর পেছনে অন্য কোনো কারণ বা কারও প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ