ATN
শিরোনাম
  •  

সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় ইউনিয়ন বিএনপি নেতা নিহত, ইউপি চেয়ারম্যানসহ আহত

         
সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় ইউনিয়ন বিএনপি নেতা নিহত, ইউপি চেয়ারম্যানসহ আহত

সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় ইউনিয়ন বিএনপি নেতা নিহত, ইউপি চেয়ারম্যানসহ আহত

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। নিহত মোশাররফ হোসেন মজুমদার (৫৫) কেশারপাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। এ ঘটনায় কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হক সুমন ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে কানকিরহাটের উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন মজুমদার একটি অটোরিকশায় করে কানকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির মাইক্রোবাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা নুর নবী বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যাওয়া অবস্থায় দেখা যায়। ভেতরে থাকা তিনজনই গুরুতর আহত ছিলেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মোশাররফ হোসেনের মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত।

নিহত মোশাররফ হোসেন কেশারপাড় গ্রামের বাসিন্দা। তিনি সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউসুফ মজুমদারের চাচাতো ভাই ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ