ATN
শিরোনাম
  •  

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফর, থাকছে নানা কর্মসূচি

         
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফর, থাকছে নানা কর্মসূচি

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফর, থাকছে নানা কর্মসূচি

কিশোরগঞ্জে দিনব্যাপী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। শপথ নেওয়ার পর কিশোরগঞ্জে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর।

রোববার (১৬ আগস্ট) সকালে সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, তিনি জেলার সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টার দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

পরে কিশোরগঞ্জ সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বেলা আড়াইটার দিকে জেলা সদরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সময়ে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ার বিভিন্ন সড়ক সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। দীর্ঘদিনের খানাখন্দে বালু-সুড়কি ফেলে সড়ক চলাচলের উপযোগী করার পাশাপাশি সড়কের দুই পাশের ময়লা-আবর্জনাও অপসারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় সংসদ সদস্যরাও জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে বরণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সফরে কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা ও মৎস্য খাত নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

তারা বলেন, জাতীয় মৎস্য পক্ষের মূল আয়োজন সাধারণত রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম ঢাকার বাইরে এর আয়োজন হচ্ছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে দেশের মোট মৎস্য উৎপাদনের উল্লেখযোগ্য অংশ হয়ে থাকে। এ অঞ্চলের সম্ভাবনা, উদ্যোক্তা ও খামারিদের সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই কটিয়াদীতে এবারের আয়োজন করা হয়েছে বলে তারা জানান।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ সফরের মাধ্যমে কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে তারা আশা করছেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ