ATN
শিরোনাম
  •  

‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন যশ, বললেন ‘অশালীনতা রাখা হয়নি’

         
‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন যশ, বললেন ‘অশালীনতা রাখা হয়নি’

‘টক্সিক’-এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন যশ, বললেন ‘অশালীনতা রাখা হয়নি’

দক্ষিণ ভারতীয় তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনায় এসেছে। সিনেমাটিতে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে যশের অন্তরঙ্গ দৃশ্য এবং একটি দৃশ্যে তার পোশাকহীন উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার এসব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন যশ।

সম্প্রতি সিনেমাটির ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে যশ বলেন, ছবিতে ঘনিষ্ঠতার কিছু মুহূর্ত থাকলেও কোনো ধরনের অশালীনতা রাখা হয়নি। তার ভাষ্য, দৃশ্যগুলো ভালোভাবে দেখলে দর্শকরা বিষয়টি বুঝতে পারবেন। এমনকি সিনেমায় চুম্বনের দৃশ্যও রাখা হয়নি বলে জানান তিনি।

যশের মতে, চলচ্চিত্রে প্রতিটি দৃশ্য উপস্থাপনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমারেখা থাকা প্রয়োজন। ‘টক্সিক’-এর ক্ষেত্রেও সেই সীমা মেনেই কাজ করা হয়েছে। দৃশ্যগুলোকে নান্দনিক ও গ্রহণযোগ্যভাবে পর্দায় তুলে ধরার দায়িত্ব নির্মাতার বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সিনেমাটির ‘তাবাহি’ গান প্রকাশের পর কিয়ারা আদভানিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য দেখা যায়। এ প্রসঙ্গে সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন যশ। তিনি বলেন, গানটিতে কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দর্শকদের সামনে এসেছে। পুরো সিনেমায় তার অভিনয় দর্শকদের আরও বেশি আকৃষ্ট করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সমালোচনা প্রসঙ্গে যশ বলেন, একজন অভিনেতাকে ক্যারিয়ারে বিভিন্ন ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে সেসব নিয়ে অতিরিক্ত ভাবনা না করে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়াই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দর্শকরাই একজন শিল্পীর কাজের মূল্যায়ন করেন।

নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখেই ‘টক্সিক’ নির্মাণ করা হয়েছে বলে জানান যশ। তাই সিনেমাটিকে উদার মানসিকতা নিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি ছবিটির পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পেতে ভক্তদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ করেছেন এই কন্নড় তারকা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ