ATN
শিরোনাম
  •  

আইয়ুব বাচ্চুর স্মরণে লিডিয়ানের নতুন গান ‘ঐ সম্মোহনের সুর’

         
আইয়ুব বাচ্চুর স্মরণে লিডিয়ানের নতুন গান ‘ঐ সম্মোহনের সুর’

আইয়ুব বাচ্চুর স্মরণে লিডিয়ানের নতুন গান ‘ঐ সম্মোহনের সুর’

দেশের রক সংগীতের কিংবদন্তি শিল্পী ও ‘রুপালি গিটারের জাদুকর’ আইয়ুব বাচ্চুকে স্মরণ করে নতুন মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছে তরুণ প্রজন্মের ব্যান্ড ‘লিডিয়ান’। ‘ঐ সম্মোহনের সুর’ শিরোনামের গানটি আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট তাকে উৎসর্গ করা হয়েছে।

আইয়ুব বাচ্চু বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে এক অনন্য নাম। তার সৃষ্টিকর্ম ও সংগীতের ধারা আজও অসংখ্য শিল্পী ও সংগীতপ্রেমীকে অনুপ্রাণিত করে চলেছে। মাত্র ৫৬ বছর বয়সে তার প্রয়াণে সংগীতাঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা আজও পূরণ হয়নি। তার সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মের শিল্পীরাও নিজেদের মতো করে তাকে স্মরণ করে চলেছেন।

আইয়ুব বাচ্চুর সংগীতভাবনায় অনুপ্রাণিত হয়ে প্রায় এক দশক ধরে কাজ করে আসছে ‘লিডিয়ান’ ব্যান্ড। সেই ধারাবাহিকতায় এবার কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে ব্যান্ডটি তৈরি করেছে ‘ঐ সম্মোহনের সুর’।

গানটির কথা লিখেছেন লিডিয়ান ব্যান্ডের গীতিকার সঞ্জয় রায়। এর সুর, কম্পোজিশন ও কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের ভোকাল ও লিড গিটারিস্ট রাজেশ মজুমদার। তার সঙ্গে গানে রয়েছেন সহকারী লিড গিটারিস্ট রিন্টু, কী-বোর্ডে পুলক, বেইজ গিটারে রিভান এবং ড্রামসে তাপস মজুমদার।

গানটি প্রসঙ্গে রাজেশ মজুমদার বলেন, ‘বাচ্চু ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের একান্ত আর্তি থেকেই এ গানটি আমরা তার জন্মদিন উপলক্ষে উৎসর্গ করতে চাই। তার অসংখ্য জনপ্রিয় কিছু গানের শিরোনাম ও কথামালা নিয়ে গানটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘মৃত্যুর কিছুদিন আগেও বাচ্চু ভাই তার মিউজিক স্কুল গড়ে তোলার স্বপ্নের কথা জানিয়েছিলেন আমাকে। তার সেই রেখে যাওয়া স্বপ্ন আমাদের সম্মিলিতভাবে পূরণ করতে হবে।’

রাজেশ মজুমদার জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট লিডিয়ান ব্যান্ডের অফিসিয়াল পেজ থেকে গানটি প্রচার করা হবে।

আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানানো এই গানটি নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে তার সৃষ্টিকর্ম ও সংগীতের প্রতি ভালোবাসার নতুন এক সেতুবন্ধন তৈরি করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ