ATN
শিরোনাম
  •  

মেধাবী শিক্ষার্থীদের হাতেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

         
মেধাবী শিক্ষার্থীদের হাতেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মেধাবী শিক্ষার্থীদের হাতেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

শুক্রবার নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষায় ভালো ফলাফল জীবনের সফলতার একটি অংশ মাত্র। দেশের কল্যাণে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। মেধাবী প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট, ফুল ও গাছের চারা তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্যসচিব মো. এনামুল কাদির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা।

এর আগে তিন দিনের সরকারি সফরের শেষ দিনে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নান্দাইলের চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান।

পরে প্রতিমন্ত্রী নান্দাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সড়ক ও জনপথের রাস্তা থেকে ডা. আবু আলী ফকিরের রাস্তা পর্যন্ত আরসিসিকরণ কাজের উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ