ATN
শিরোনাম
  •  

গ্যাস সংকট নিরসনে বিরোধীদলের কাছে তিন মাসের পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী

         
গ্যাস সংকট নিরসনে বিরোধীদলের কাছে তিন মাসের পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী

গ্যাস সংকট নিরসনে বিরোধীদলের কাছে তিন মাসের পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারের নেওয়া উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংকট মোকাবিলায় বিরোধীদলের কাছ থেকে তিন মাসের মধ্যে একটি বাস্তবসম্মত পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র মানুষের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গ্যাসের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। কারিগরি ত্রুটিও কমিয়ে আনা হয়েছে। ফলে দ্রুতই বিদ্যুৎ সংকট থেকে মানুষ স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, হঠকারিতার মাধ্যমে দেশে বিদ্যুৎ নিয়ে অরাজকতা তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে সরকার সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বিরোধীদলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু সমালোচনা না করে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ দেশের বিভিন্ন সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে কার্যকর পরিকল্পনা দিতে হবে।

গণতন্ত্র ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি নিশ্চিত হয়। আর জবাবদিহি থাকলেই দেশের উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে স্কুলশিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের কাজ শুরু হবে। পাশাপাশি দেশের উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

সরকার জনসেবা ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চলমান সংকটগুলো দ্রুত সমাধানে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ